থাইল্যান্ডে ৫ মিনিটে হারানো ফোন  উদ্ধার, মুগ্ধ বাংলাদেশি সাংবাদিক

আপলোড সময় : ১৪-১০-২০২৬ ১১:২৭:৫৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-১০-২০২৬ ১১:২৭:৫৯ পূর্বাহ্ন
ব্যাংকক, ১৪ অক্টোবর: থাইল্যান্ডে মাত্র পাঁচ মিনিটে হারানো মোবাইল ফোন ফিরে পেলেন বাংলাদেশি সাংবাদিক স্বপ্না চক্রবর্তী। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভার সংবাদ সংগ্রহে বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন তিনি। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক পোস্টে এ অভিজ্ঞতার কথা জানান দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট।
পোস্টে তিনি জানান, অ্যাসাইনমেন্টে যোগ দিতে ব্যাংককের একটি কনভেনশন সেন্টারে যাওয়ার পথে ঘটে এ ঘটনা। সাংবাদিক জানান, থাইল্যান্ডে তাঁর এবারের ভ্রমণ অনেকটাই নতুন অভিজ্ঞতার। বিদেশের অপরিচিত পরিবেশে একা চলাফেরা করতে গিয়ে কিছুটা সমস্যায় পড়তে হবে, এমন আশঙ্কা ছিল আগে থেকেই।
কনভেনশন সেন্টারের সামনে পৌঁছে দ্রুত গাড়ি থেকে নামার সময় ভাড়ার গাড়িতে (ভোল্ট কার) নিজের মোবাইল ফোনটি ফেলে নেমে যান তিনি। বাংলাদেশে উবারের মতোই অ্যাপভিত্তিক এই পরিবহনসেবার গাড়িচালক যাত্রী নামিয়ে দ্রুত চলে যান। সেখানে ভিভিআইপি সেমিনাম উপলক্ষে গাড়ি দাঁড় করিয়ে রাখার সুযোগ না থাকায় মুহূর্তের মধ্যেই গাড়িটি দৃষ্টির বাইরে চলে যায়।
এরপরই বিপাকে পড়েন ওই সাংবাদিক। বিদেশের মাটিতে মোবাইল ফোন হারিয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। চালককে পেছন থেকে ডাকাডাকি করেও কোনো লাভ হয়নি। ঠিক সেই সময় সামনে দাঁড়িয়ে থাকা থাই পুলিশের এক সদস্য তাঁর উদ্বিগ্ন মুখ দেখে এগিয়ে আসেন। ভাষাগত সীমাবদ্ধতার কারণে দুজনের মধ্যে কথা না হলেও হাতের ইশারায় নিজের সমস্যার কথা পুলিশ সদস্যকে বোঝান সাংবাদিক।
বিষয়টি বুঝতে পেরে ওই পুলিশ সদস্য ওয়াকিটকিতে বার্তা পাঠান এবং সাংবাদিককে অপেক্ষা করতে ইশারা করেন। কিছুক্ষণের মধ্যেই একটি মোটরসাইকেলে এক ব্যক্তি সেখানে হাজির হন। তাঁর হাতে ছিল হারিয়ে যাওয়া সেই মোবাইল ফোন।
ফোনটি সাংবাদিকের হাতে দেওয়ার আগে সেটি তাঁর কি না, তা নিশ্চিত হতে লক খুলে দেখাতে বলেন ওই ব্যক্তি। ফোনের লক খুলে নিজের পরিচয় নিশ্চিত করার পর হাসিমুখে মোবাইলটি ফিরিয়ে দেওয়া হয় তাঁকে।
পুরো ঘটনাটি ঘটতে সময় লাগে মাত্র পাঁচ মিনিট!
অপ্রত্যাশিত এই অভিজ্ঞতায় বিস্মিত ও আনন্দিত ওই সাংবাদিক ফোন ফিরিয়ে দেওয়া ব্যক্তির সঙ্গে একটি সেলফি তোলার আগ্রহ প্রকাশ করেন। তাঁর প্রস্তাবে সানন্দে সাড়া দেন ওই ব্যক্তি। মুহূর্তেই উদ্বেগের জায়গা নেয় স্বস্তি, আর সেই স্বস্তির সঙ্গে যুক্ত হয় থাইল্যান্ডের পুলিশি তৎপরতা নিয়ে মুগ্ধতা।
ঘটনাটি শুধু একটি হারানো মোবাইল ফোন ফিরে পাওয়ার গল্প নয়; বরং অপরিচিত দেশে দায়িত্বশীলতা, দ্রুত সাড়া দেওয়া এবং নাগরিক সহায়তার একটি স্মরণীয় অভিজ্ঞতা। মাত্র পাঁচ মিনিটের এই ঘটনা ওই বাংলাদেশি সাংবাদিকের কাছে থাইল্যান্ড ভ্রমণের অন্যতম বিস্ময়কর স্মৃতি হয়ে থাকবে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com