পোর্টসমাউথের লর্ড মেয়রের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিবৈঠক

আপলোড সময় : ১৭-১০-২০২৬ ১২:১১:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৬ ১২:১১:১০ পূর্বাহ্ন
লন্ডন, ১৭ অক্টোবর: যুক্তরাজ্যের পোর্টসমাউথ সিটি কাউন্সিলের লর্ড মেয়র কাউন্সিলর আব্দুল কাদিরের আমন্ত্রণে তাঁর পার্লারে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সঙ্গে এক প্রীতিবৈঠক ও মতবিনিময় সভা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা পোর্টসমাউথ সিটি কাউন্সিলের লর্ড মেয়রের পার্লারে পৌঁছালে তিনি তাঁদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং আপ্যায়ন করেন।
পরে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বাছিরের সঞ্চালনায় প্রীতিবৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য দেন পোর্টসমাউথ সিটি কাউন্সিলের ১০০তম লর্ড মেয়র এবং শহরটির প্রথম ব্রিটিশ বাংলাদেশি লর্ড মেয়র কাউন্সিলর আব্দুল কাদির।
এ সময় ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন। 
অন‍্যান‍্যের মধ‍্যে মতবিনিময়ে অংশ নেন- টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, ইউকে বাংলা গার্ডিয়ানের সহযোগী সম্পাদক অধ‍্যাপক সাজিদুর রহমান, ব্রিজবাংলা ২৪ এর সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি ও ভাটির কণ্ঠের সম্পাদক ইমদাদুন খান, সংগঠনের ট্রেজারার ও জগন্নাথপুর টাইমসের নিউজ এডিটর মির্জা আবুল কাসেম, এসিসটেন্ট সেক্রেটারি আসমা মতিন, এসিসটেন্ট সেক্রেটারি ও চ‍্যানেল এনআরবি ইউকের সম্পাদক এ রহমান অলি, আইওন টিভির চিফ রিপোর্টার আব্দুল কাদির চৌধুরী মুরাদ এবং বাংলা সংলাপের রিপোর্টার, সংগঠনের ইভেন্ট ম‍্যানেজমেন্ট এন্ড ফ‍্যাসিলেটিজ সেক্রেটারি ইমরান তালুকদার প্রমুখ। 
এ প্রীতিবৈঠকে পোর্টসমাউথ সিটি কাউন্সিলের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর ও শহরটির ১০০তম লর্ড মেয়র আব্দুল কাদির বলেন, যুক্তরাজ্যের হ্যাম্পশায়ার কাউন্টিতে অবস্থিত পোর্টসমাউথ শহরের স্থানীয় সরকার কর্তৃপক্ষ হিসেবে সিটি কাউন্সিল দায়িত্ব পালন করছে। শহরটির আনুষ্ঠানিক প্রধান হিসেবে লর্ড মেয়র দায়িত্ব পালন করেন। সেই ধারাবাহিকতায় বর্তমানে তিনি পোর্টসমাউথের ১০০তম লর্ড মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, লর্ড মেয়র হিসেবে তাঁর প্রধান লক্ষ্য হলো শহরের মানুষের মধ্যে ঐক্য, পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধাবোধ জোরদার করা।
আব্দুল কাদির বলেন, “পারস্পরিক সম্পর্ক, ঐক্য ও উন্নয়নের ক্ষেত্রে আমরা অঙ্গীকারবদ্ধ। একটি সুন্দর ও শান্তিপূর্ণ ব্রিটেন গড়ে তুলে সামনে এগিয়ে যেতে চাই। আমরা এমন একটি আধুনিক পোর্টসমাউথ গড়ে তুলতে চাই, যা শিল্প, সংস্কৃতি ও বাণিজ্যে অগ্রগামী হবে এবং মাদকমুক্ত শহর হিসেবে পরিচিতি পাবে।”
এ লক্ষ্য বাস্তবায়নে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি বলেন, “আমি লর্ড মেয়র হয়েছি, তাই বলে মাটি থেকে আমার পা সরে যায়নি। আমি মাটির মানুষ, মাটির কাছাকাছি আছি এবং কমিউনিটির মানুষের পাশে আছি, ভবিষ্যতেও থাকব।
“আমি আমার শেকড় ভুলে যাইনি। আমার মাতৃভাষা বাংলা, বাংলা সাহিত্য ও সংস্কৃতিও ভুলে যাইনি। শিগগিরই পোর্টসমাউথ সিটি কাউন্সিল এলাকায় বাংলাদেশ হাইকমিশন ও আমাদের সার্বিক সহযোগিতায় একটি বাংলা স্কুল গড়ে তুলব। বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে অন্যান্য ভাষাভাষী ও সংস্কৃতির মানুষের কাছে পরিচিত করে তুলব। “সব মিলিয়ে একটি শান্তিপূর্ণ ও উন্নত পোর্টসমাউথ এবং আলোকিত ব্রিটেন গড়ে তুলতে আমরা অনন্য ভূমিকা পালন করে যাব।”
মতবিনিময় সভা শেষে লর্ড মেয়র আব্দুল কাদির ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের নিয়ে টাউন হল পরিদর্শন করেন। এ সময় তিনি টাউন হলের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন ও ঐতিহ্যের সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেন।
পরে লর্ড মেয়রের পক্ষ থেকে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে টাউন হলের স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ ছাড়া উপস্থিত প্রত্যেক সদস্যকে একটি করে কোট পিন উপহার দেওয়া হয়। অন্যদিকে, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে লর্ড মেয়র আব্দুল কাদিরকে সম্মাননা ক্রেস্ট ও ভালোবাসার উপহার হিসেবে একটি মগ দেওয়া হয়।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com