মহাসপ্তমীতে ভক্তসমাগমে মুখর মিশিগানের পূজামণ্ডপ, আজ মহাষ্টমী

আপলোড সময় : ১৮-১০-২০২৬ ০১:৩৩:০৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৬ ০১:৩৩:০৮ পূর্বাহ্ন
হ্যামট্রাম্যাক, ১৮ অক্টোবর : ঢাক-ঢোল, শঙ্খধ্বনি, কাঁসর-ঘণ্টা আর মন্ত্রোচ্চারণে মুখরিত হয়ে উঠেছে মিশিগানের বিভিন্ন পূজামণ্ডপ। গতকাল শুক্রবার মহাসপ্তমীর সকাল থেকেই মিশিগান কালীবাড়ি, দুর্গা টেম্পল ডেট্রয়েট, রাধাকৃষ্ণ টেম্পল এই তিনটি মন্দিরে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নবপত্রিকা প্রবেশ ও পূজার মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ এই দিন। পূজা-অর্চনা, অঞ্জলি, প্রতিমা দর্শন ও বর্ণিল সাংস্কৃতিক আয়োজনে উৎসবমুখর হয়ে ওঠে প্রবাসী বাঙালি হিন্দু সম্প্রদায়।
সপ্তমীর পূজায় দেবী দুর্গার ডানদিকে সিদ্ধিদাতা গণেশের পাশে স্থাপন করা হয় নবপত্রিকা। রম্ভা বা কলাগাছ, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মান ও ধান এই নয়টি উদ্ভিদের সমন্বয়ে গঠিত নবপত্রিকা দেবীর নয়টি শক্তির প্রতীক হিসেবে পূজিত হয়। শস্যবধূরূপে নবপত্রিকার আরাধনার মধ্য দিয়ে প্রকৃতি ও শস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ঐতিহ্যও বহন করে এই পূজা।
পূজার আনুষ্ঠানিকতায় দেবীর প্রতিবিম্ব আয়নায় ফেলে বিশেষ ধর্মীয় রীতিতে স্নান করানো হয়। এরপর চক্ষুদান ও প্রাণপ্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রতিমার পূজা সম্পন্ন করা হয়। আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য ও চন্দনসহ ষোড়শ উপচারে দেবীর আরাধনা করেন পুরোহিতরা।
দুপুরে পুজা শেষে  ভক্তরা বিভিন্ন মন্দিরে  অঞ্জলি নিবেদন করেন। মন্ত্রপাঠ, চণ্ডীপাঠ, ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে পূজামণ্ডপগুলো। বর্ণিল সাজসজ্জা ও আলোকমালায় সজ্জিত মন্দিরগুলোতে ভক্তদের পাশাপাশি দর্শনার্থীদেরও ছিল ব্যাপক উপস্থিতি।
পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে ঘুরে প্রতিমা দর্শন করেন অনেকে। নারী-পুরুষ, শিশু-কিশোর ও প্রবীণদের অংশগ্রহণে প্রবাসে শারদীয় দুর্গোৎসব পরিণত হয় মিলনমেলায়। পূজা-অর্চনার পাশাপাশি বিভিন্ন মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য আসর ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ রোববার মহাষ্টমী। দুর্গোৎসবের অন্যতম আকর্ষণীয় ধর্মীয় আয়োজন সন্ধিপূজা অনুষ্ঠিত হবে অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে। পূজা-অর্চনা, অঞ্জলি ও সাংস্কৃতিক আয়োজনকে ঘিরে মিশিগানের মন্দিরগুলোতে উৎসবের আমেজ আরও বাড়বে বলে আশা করছেন আয়োজক ও ভক্তরা।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com