মহাষ্টমীতে দুর্গা টেম্পল ডেট্রয়েটে সংস্কৃতির বর্ণিল ছটা, সন্ধিপূজা

আপলোড সময় : ১৯-১০-২০২৬ ০১:৫১:১৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০১:৫১:১৫ পূর্বাহ্ন
ডেট্রয়েট, ১৯ অক্টোবর : শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী ঘিরে ধর্মীয় আবহ, ভক্তি-শ্রদ্ধা আর সাংস্কৃতিক আনন্দে মুখর হয়ে উঠেছিল ডেট্রয়েট দুর্গা টেম্পল। গতকাল রোববার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত নানা আয়োজনের মধ্য দিয়ে মন্দির প্রাঙ্গণ পরিণত হয় প্রবাসী বাঙালির মিলনমেলায়। দেবী দুর্গার আরাধনার পাশাপাশি গান, নৃত্য, হাস্যরস ও ঐতিহ্যবাহী পরিবেশনায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের মাঝে। এর আগে মহাষ্টমীর পূজা শেষে দুপুরে শত শত ভক্ত দেবী দুর্গার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেন। 
উৎসবের সাংস্কৃতিক পর্বের সূচনা হয় জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘হারান সেন শো’ দিয়ে। পঞ্চম বর্ষে পদার্পণ করা এ আয়োজনে অংশ নেন বিপুলসংখ্যক শিল্পী। দর্শকপূর্ণ মিলনায়তনে উপস্থাপকের সরস গল্প, রসিকতা ও প্রাণবন্ত কথোপকথনে শুরু থেকেই প্রাণচাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠানের শুরুতেই কিশোর শিল্পী আরুশ চৌধুরী স্যাক্সোফোন বাজিয়ে দর্শকদের মুগ্ধ করে। এরপর গানের ধাঁধা ও উপস্থাপকের রসালো কৌতুকের ফাঁকে ফাঁকে সংগীত পরিবেশন করেন নন্দিতা ঘোষ, শতাব্দী সেন, পৌষি ও শিশুশিল্পী দেবব্রত দত্ত। ভায়োলিনে ‘ও পলাশ ও শিমুল কেন এ মন মোর রাঙালে’ গানের সুর তুলে দর্শকদের মুগ্ধ করে সামান্থা চৌধুরী। মৌমিতা চৌধুরীর কৌতুকধর্মী সংবাদ পাঠ অনুষ্ঠানে যোগ করে ভিন্নমাত্রা।

নৃত্য পরিবেশন করে শায়ন চৌধুরী, দিয়া দত্ত ও শ্রীজিতা দেব। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সঞ্জয় দেব ও শর্মিলা দেবের পরিবেশনায় ঐতিহ্যবাহী গম্ভীরা দর্শকদের মধ্যে আনন্দের সঞ্চার করে।
পরবর্তী সাংস্কৃতিক পর্বে বিভিন্ন শিল্পীর গান ও নৃত্য পরিবেশনার পাশাপাশি অনুষ্ঠিত হয় বাংলার লোকজ ঐতিহ্যের অন্যতম আকর্ষণীয় পরিবেশনা দলীয় ধামাইল। শর্মিলা দেব শর্মির নেতৃত্বে ‘সপ্ত সুরের রাগিনী’ এবং শ্রী জিতেন গোপের পরিবার ধামাইল পরিবেশন করে। ঐতিহ্যবাহী এ পরিবেশনায় ফুটে ওঠে বাঙালির লোকসংস্কৃতি ও শেকড়ের প্রতি ভালোবাসা।
এরপর শুরু হয় প্রাণবন্ত ‘ডান্ডিয়া’ নৃত্য। শিল্পীদের ছন্দময় পদক্ষেপ ও উৎসবমুখর পরিবেশনায় মন্দির প্রাঙ্গণে সৃষ্টি হয় আনন্দঘন আবহ। ধর্মীয় আচার, লোকজ সংস্কৃতি ও বহুমাত্রিক সাংস্কৃতিক পরিবেশনার সমন্বয়ে মহাষ্টমীর আয়োজন হয়ে ওঠে স্মরণীয়।

উৎসবের অন্যতম পবিত্র ও আবেগঘন মুহূর্ত ছিল সন্ধিপূজা। এ সময় ভক্তরা ১০৮টি প্রদীপ প্রজ্বালন করেন। প্রদীপের আলো, প্রার্থনা ও ভক্তিময় পরিবেশে মন্দিরজুড়ে ছড়িয়ে পড়ে এক গভীর আধ্যাত্মিক আবেশ। দেবী দুর্গার প্রতি শ্রদ্ধা নিবেদন ও মঙ্গলকামনায় ভক্তরা অংশ নেন এ পবিত্র আয়োজনে।
সবশেষে সমবেত ধামাইল পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় মহাষ্টমীর বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com