হ্যামট্রাম্যাকে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ, থাকবেন শীর্ষ প্রার্থীরা

আপলোড সময় : ২০-১০-২০২৬ ০২:০৯:৩০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-১০-২০২৬ ০২:২৪:৪৮ পূর্বাহ্ন
হ্যামট্রাম্যাক, ২০ অক্টোবর : মিশিগানে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটিকে সঙ্গে নিয়ে আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডেমোক্রেটিক পার্টির জোটভুক্ত সংগঠনগুলোর নির্বাচনী সমাবেশ। বাংলাদেশি-আমেরিকান ডেমোক্র্যাটিক ককাস বিএডিসির উদ্যোগে হ্যামট্রাম্যাক সিটির  গেট অব কলম্বাসে অনুষ্ঠিত হবে এ সমাবেশ। আসন্ন নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী সমাবেশের আয়োজন করেছে বিএডিসি।
সমাবেশ সফল করতে সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিউনিটির সদস্যদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির নেতারা। নির্বাচনী এই সমাবেশে স্টেট গভর্নর পদপ্রার্থী জোসলেন বেনসন, ইউএস সিনেট প্রার্থী আবদুল এল সাইয়েদ, স্টেট অ্যাটর্নি জেনারেল প্রার্থী এলি সেভেটসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদের প্রার্থী ও ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতারা বক্তব্য দেবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এছাড়া বিভিন্ন কমিউনিটির ২২টি ক্লাব ও ককাসের নেতৃবৃন্দও সমাবেশে যোগ দেবেন।  সহস্রাধিক মানুষ এই সমাবেশে অংশ নেবেন বলে আশা করছেন নেতারা ।  
রোববার দুপুরে হ্যামট্রাম্যাকের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচনী সমাবেশের বিস্তারিত তুলে ধরেন মিশিগান ডেমোক্রেটিক পার্টির সেকেন্ড ভাইস চেয়ারম্যান ড. নাজ হাসান। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় বক্তব্য দেন বিএডিসির প্রেসিডেন্ট সাদেক রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহিত মাহমুদ এবং সেক্রেটারি মাশকুর কাউসার। উপস্থিত ছিলেন সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ ও কমিউনিটির বেশকয়েকজন নেতৃবৃন্দ। 
এদিকে, আগামী ২৩ অক্টোবর ওয়ারেন শহরে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে ইউএস সিনেট প্রার্থী আবদুল এল সাইয়েদের নির্বাচনী সমাবেশেও অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন ডেমোক্রেটিক নেতারা।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com