সব ধর্মের সহাবস্থান বাংলাদেশের ঐতিহ্য : জেলা প্রশাসক

আপলোড সময় : ২৫-১০-২০২৬ ১১:৫০:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ১১:৫০:৪৫ অপরাহ্ন
 প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ফানুস উত্তোলন উদ্বোধন করছেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। 

সিলেট, ২৫ অক্টোবর : ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি বলে মন্তব্য করেছেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছেন। পারস্পরিক ভালোবাসা, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।
জেলা প্রশাসক বলেন, সম্প্রতি সিলেটসহ সারা দেশে দুর্গাপূজা অত্যন্ত সুন্দরভাবে উদযাপিত হয়েছে। সব ধর্মের মানুষের সহাবস্থান বাংলাদেশের ঐতিহ্য। এ ক্ষেত্রে সিলেট এগিয়ে রয়েছে। তিনি আরও বলেন, ধর্মীয় মূল্যবোধ মানুষকে সত্য, সুন্দর ও কল্যাণের পথে পরিচালিত করে। সমাজে শান্তি প্রতিষ্ঠা, মানবিক মূল্যবোধের বিকাশ এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। ধর্মীয় অনুষ্ঠান মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার পাশাপাশি সামাজিক বন্ধন সুদৃঢ় করে। একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সব নাগরিকের ধর্মীয় অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রোববার (২৫ অক্টোবর) নগরীর আখালিয়া নয়াবাজারের ব্রাহ্মণশাসন এলাকায় সিলেট বৌদ্ধ সমিতির উদ্যোগে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনা সভা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ফানুস উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ শ্রীমৎ দিপষ্কর ভিক্ষুর সভাপতিত্বে এবং চন্দ্রিকা বড়ুয়া মন্টির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেট বৌদ্ধ সমিতির এডহক কমিটির আহ্বায়ক সুকান্তি বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য দেন কমিটির সদস্যসচিব সুজন বড়ুয়া।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিলেট বৌদ্ধ সমিতির সাবেক সভাপতি চন্দ্র শেখর বড়ুয়া, আখালিয়া নয়াবাজার কমিটির সভাপতি দেলওয়ার হোসেন জয়, মুসলিম নগর মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল করিম, বৌদ্ধ সমিতির সাবেক উপদেষ্টা তপন কান্তি বড়ুয়া মান্না এবং সাবেক সাধারণ সম্পাদক উৎফল বড়ুয়া, পলাশ বড়ুয়া প্রমুখ।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল প্রার্থনা, মোমবাতি প্রজ্বালন ও ফানুস উত্তোলন। রোববার সন্ধ্যায় ফানুস উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সকালের অধিবেশন সঞ্চালনা করেন এডহক কমিটির সদস্য প্রধান ইমন বড়ুয়া। এ সময় উপস্থিত ছিলেন লিটন বড়ুয়া, পলাশ বড়ুয়া, সেবু বড়ুয়া, সুজন বড়ুয়া, রায়ধন বড়ুয়াসহ অনেকে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com