দ্য আর্টিস্ট ক্লাবের বর্ষপূর্তিতে ১১ দিনের সাংস্কৃতিক উৎসব

ঢাকায় প্রথমবারের মতো ফরাসি-বাংলা অপেরা

আপলোড সময় : ২৬-১০-২০২৬ ১২:৩৮:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৬ ১২:৩৮:৩৪ অপরাহ্ন
ঢাকা, ২৬ অক্টোবর : দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১১ থেকে ২১ নভেম্বর ২০২৬ পর্যন্ত ১১ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আজ হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার পার্ল হল রুমে এক সংবাদ সম্মেলনে উৎসবের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ফরাসি দূতাবাসের মিশন উপপ্রধান ফ্রেডেরিক ইনজা (Frédéric Inza), দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের সভাপতি ও বিশিষ্ট সংগীতশিল্পী সুজিত মোস্তফা, প্রথম বর্ষপূর্তি উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এ. এইচ. এম. মুস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশনের (ডিইউসিএফ) প্রতিনিধি ও সংগীতশিল্পী মাহফুজার রহমান এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ফুড অ্যান্ড বেভারেজ পরিচালক অলিভিয়ের লোরো (Olivier Loreaux)।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উৎসবের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এ. এইচ. এম. মুস্তাফিজুর রহমান। সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি ১১ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের সার্বিক পরিকল্পনা ও আয়োজনের বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, দেশের সম্ভাবনাময় তরুণ শিল্পীদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে তিন বছর আগে দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের যাত্রা শুরু হয়। ২০২৫ সালে সংগঠনটি প্রাতিষ্ঠানিক নিবন্ধন লাভ করে। প্রতিষ্ঠার পর থেকে ক্লাবটি তাদের নিয়মিত আয়োজন ‘শুক্রবার সংগীত সন্ধ্যা’র ২০০টিরও বেশি পর্ব সফলভাবে সম্পন্ন করেছে।
প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্লাবটি তিনটি বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে ২০ থেকে ৩৫ বছর বয়সী উদীয়মান শিল্পীদের প্রতিভা অন্বেষণে দেশব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘Atelier Award: Young Painters of Tomorrow’।
দ্বিতীয় কর্মসূচির আওতায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সহযোগিতায় ১১ থেকে ২০ নভেম্বর ১০ দিনব্যাপী লোকজ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংগীত উৎসব অনুষ্ঠিত হবে। এতে বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া, গম্ভীরা, লালন, হাসন রাজা, মণিপুরি, চাকমা, মারমা, সাঁওতাল ও হাজং সম্প্রদায়ের সংগীতসহ বিভিন্ন ঐতিহ্যবাহী সংগীতধারা পরিবেশিত হবে।
তৃতীয় কর্মসূচির অংশ হিসেবে ২১ নভেম্বর ২০২৬, শনিবার, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান। এতে বাংলাদেশে প্রথমবারের মতো সরাসরি ফরাসি ও বাংলা অপেরার সম্মিলিত পরিবেশনা আয়োজনের কথা জানানো হয়। অনুষ্ঠানে ফরাসি অপেরাশিল্পী ভেরোনিক পেইন এবং ফরাসি পিয়ানোবাদক ফ্যাব্রিস মেইত্রে সরাসরি সংগীত পরিবেশন করবেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, বিশেষ এই সন্ধ্যা ঢাকাস্থ ফরাসি দূতাবাস এবং রাষ্ট্রদূত জঁ-মার্ক সেঁরে-শার্লের (Jean-Marc Séré-Charlet) বিশেষ কূটনৈতিক পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে ঢাকাস্থ ফরাসি দূতাবাসের সাংস্কৃতিক অ্যাটাশে ব্যাপ্টিস্ট লেব্রে তাঁর বক্তব্যে বাংলাদেশে প্রথমবারের মতো ফরাসি অপেরার এই বিশেষ আয়োজন বাস্তবায়নে দূতাবাসের পূর্ণ সমর্থনের কথা জানান। তিনি বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় সাংস্কৃতিক সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক পর্যায়ে শিল্প বিনিময়ে ফরাসি সরকারের ধারাবাহিক সমর্থনের প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।
পরে দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের সভাপতি ও বিশিষ্ট সংগীতশিল্পী সুজিত মোস্তফা সংগঠনটির যাত্রার প্রাথমিক দিনগুলোর কথা স্মরণ করেন। তিনি আন্তর্জাতিক এই আয়োজন বাস্তবায়নে সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার জন্য ঢাকাস্থ ফরাসি দূতাবাস, ভেন্যু পার্টনার হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এবং সহ-আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশনের (ডিইউসিএফ) প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।
একই সঙ্গে আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণ এবং তরুণ শিল্পীদের বিকাশে এ ধরনের উদ্যোগে দেশের বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।সংবাদ ব্রিফিং শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মঞ্চে উপস্থিত অতিথিরা। প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়। পরে উপস্থিত গণমাধ্যমকর্মীদের আপ্যায়ন করা হয়। দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের প্রথম বর্ষপূর্তি উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এ. এইচ. এম. মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সুপ্রভাত মিশিগানকে এ তথ্য জানানো হয়েছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com