ওয়ারেনে বন্দুক পরিষ্কারের সময় গুলি, শিশুসহ আহত ২

আপলোড সময় : ০৫-১১-২০২৬ ১২:৪৫:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৬ ১২:৪৫:২৯ অপরাহ্ন
ওয়ারেন, ৫ নভেম্বর : মিশিগানের ওয়ারেন শহরে একটি বাড়িতে অসাবধানতাবশত আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়ার ঘটনায় ১১ বছর বয়সী এক শিশুসহ দুজন আহত হয়েছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আহত অন্য ব্যক্তির বয়স ৩৭ বছর। তবে দুজনের আঘাতই প্রাণঘাতী নয়। তাঁদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, রাত ৮টা ২০ মিনিটের দিকে রায়ান ও টোয়েপফার রোডের কাছে বার্কশায়ার অ্যাভিনিউয়ের ৩৯০০ ব্লকের একটি বাড়িতে গুলির ঘটনা ঘটেছে বলে খবর পেয়ে কর্মকর্তারা সেখানে পৌঁছান।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই ব্যক্তি তাঁর বোনের একটি হ্যান্ডগান পরিষ্কার করার সময় অসাবধানতাবশত সেটি থেকে গুলি বেরিয়ে যায়। গুলিটি প্রথমে তাঁর হাতে লাগে। এরপর মেঝেতে আঘাত করে ছিটকে গিয়ে ১১ বছর বয়সী এক বালকের পায়ের নিচের অংশে লাগে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
উল্লেখ্য, এর কয়েক সপ্তাহ আগে ডেট্রয়েটের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল। ওই ঘটনায় তাঁর ১১ বছর বয়সী ছেলে অন্য এক শিশুর গুলিতে আহত হয়েছিল। তবে সেই শিশুর আঘাতও প্রাণঘাতী ছিল না।
এদিকে, মিশিগানে আগ্নেয়াস্ত্র নিরাপদে সংরক্ষণ-সংক্রান্ত আইন ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে কার্যকর রয়েছে। আইন অনুযায়ী, শিশুদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে—এমন স্থানে আগ্নেয়াস্ত্র রাখতে হলে সেটি অবশ্যই গুলিমুক্ত অবস্থায় রাখতে হবে। পাশাপাশি আগ্নেয়াস্ত্রটি লকিং ডিভাইস দিয়ে সুরক্ষিত করতে হবে অথবা তালাবদ্ধ কোনো পাত্রে সংরক্ষণ করতে হবে।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com