ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০১:৫৬:২৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০১:৫৬:২৫ পূর্বাহ্ন
ডিয়ারবর্ন, ৯ নভেম্বর : গত শনিবার ডিয়ারবর্ন শহরে অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইউ.এস. ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE)। ডিয়ারবর্ন পুলিশ বিভাগ জানিয়েছে, গ্রেপ্তারের আগ পর্যন্ত তারা এ অভিযান সম্পর্কে কিছুই জানত না।
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (DHS) এক মুখপাত্র জানান, পূর্ব ডিয়ারবর্নে একটি গাড়ি থামানোর পর ICE-এর কর্মকর্তারা গুস্তাভো আদোলফো ওসোরিও হার্নান্দেজ, লুইস ফার্নান্দো মঙ্গে-ভিদেস এবং আন্দোনি লিওনেল ভাসকুয়েজ মার্টিনেজকে গ্রেপ্তার করেন। ICE-এর তথ্য অনুযায়ী, তাঁরা হন্ডুরাসের নাগরিক এবং বৈধ অভিবাসন অনুমতি ছাড়াই যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন।
ICE-এর এক মুখপাত্র রোববার জানান, নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁদের সংস্থাটির হেফাজতে রাখা হবে।
ডিয়ারবর্ন পুলিশ ৭ নভেম্বর তাদের ফেসবুক পোস্টে জানায়, হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস (HSI) ও ICE-এর এজেন্টরা ওয়ারেন অ্যাভিনিউ ও মিড স্ট্রিটের কাছাকাছি এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করেন।
পুলিশ বিভাগ আরও জানায়, গ্রেপ্তারের পর ফেডারেল কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করে। এর আগে ডিয়ারবর্ন শহর বা পুলিশ বিভাগকে এ অভিযান সম্পর্কে কোনো আগাম নোটিশ দেওয়া হয়নি এবং তাদের সঙ্গে কোনো সমন্বয়ও করা হয়নি।
পুলিশ প্রধান ইসা শাহিন ওই পোস্টে বলেন, “ফেডারেল সংস্থা ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে যোগাযোগ জননিরাপত্তা বজায় রাখতে সহায়তা করে। এর ফলে বাসিন্দাদের বিভিন্ন প্রশ্ন ও উদ্বেগের যথাযথ জবাব দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয়। আমরা চাই, আমাদের এলাকায় কোনো অভিযান পরিচালনার সময় ফেডারেল কর্তৃপক্ষ যেন আমাদের বিভাগের সঙ্গে যোগাযোগ রাখে।”
অন্যদিকে, ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (DHS) এক মুখপাত্র বলেন, সহযোগিতা একটি ‘দ্বিমুখী প্রক্রিয়া’। সম্ভব হলে ICE অভিবাসন-সংক্রান্ত অভিযান পরিচালনার আগে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে অবহিত করে। তবে ওই মুখপাত্রের নাম প্রকাশ করা হয়নি। ‘ডেট্রয়েট নিউজ’-এর ইমেইলের জবাবে পরিচয় হিসেবে শুধু ‘DHS SPOX’ (ডিএইচএস মুখপাত্র) উল্লেখ করা হয়েছে।
মুখপাত্র বলেন, “এ ঘটনায় গাড়ি থামানোর কার্যক্রম একাধিক বিচারিক এলাকার (জুরিসডিকশন) আওতায় পড়ায় আগে থেকে জানানো সম্ভব হয়নি। তবে অভিযান পরিচালনার সময় যখনই সুযোগ তৈরি হয়েছে, তখনই বিষয়টি জানানো হয়েছে।”
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, ফেডারেল অভিবাসন আইন প্রয়োগের ক্ষেত্রে ICE-এর স্থানীয় কর্তৃপক্ষকে আগাম নোটিশ দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই।
DHS-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বরে নিউ মেক্সিকোর সান্তা তেরেসার কাছে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় বর্ডার প্যাট্রোলের হাতে ধরা পড়েন ওসোরিও হার্নান্দেজ। পরে বাইডেন প্রশাসন তাঁকে মুক্তি দেয়। DHS আরও জানায়, ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর তাঁকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের চূড়ান্ত আদেশ (Final Order of Removal) দেওয়া হয়।
DHS-এর মুখপাত্র জানান, ২০২৩ সালের জুলাইয়ে টেক্সাস সীমান্ত দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর বর্ডার প্যাট্রোলের হাতে গ্রেপ্তার হন মঙ্গে-ভিদেস (Monge-Vides)। পরে বাইডেন প্রশাসন তাঁকে আদালতে হাজির হওয়ার শর্তে মুক্তি দেয়। তবে তিনি আদালতে হাজির হননি বলে জানিয়েছে DHS।
মুখপাত্র আরও জানান, ২০২১ সালের জুনে টেক্সাসের হিডালগো (Hidalgo) এলাকার কাছে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর বর্ডার প্যাট্রোলের হাতে গ্রেপ্তার হন ভাসকুয়েজ মার্টিনেজ (Vasquez Martinez)। পরে বাইডেন প্রশাসন তাঁকেও মুক্তি দেয়।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com