দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৭:০৮:০০ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৭:০৮:০০ অপরাহ্ন
মেট্রো ডেট্রয়েট, ৯ নভেম্বর : গত সপ্তাহে মৌসুমের প্রথম উল্লেখযোগ্য তুষারপাতের পর চলতি সপ্তাহে দক্ষিণ-পূর্ব মিশিগানের কিছু এলাকায় আবারও তুষারপাতের সম্ভাবনা দেখা দিয়েছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে এ অঞ্চলে শীতল বায়ুপ্রবাহ প্রবেশ করবে। এর প্রভাবে শনিবার পর্যন্ত লেক-ইফেক্ট বৃষ্টি ও তুষারপাত হতে পারে। তবে তুষারপাতের আগে সপ্তাহের প্রথমার্ধে তাপমাত্রা কিছুটা বাড়বে।
পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার দক্ষিণ-পূর্ব মিশিগানজুড়ে সর্বোচ্চ তাপমাত্রা ৫২ থেকে ৫৭ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকতে পারে। আকাশ থাকবে আংশিক মেঘলা। ডেট্রয়েটে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৫৪ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। উল্লেখ্য, নভেম্বর মাসে শহরটির গড় সর্বোচ্চ তাপমাত্রা ৪৮ দশমিক ৬ ডিগ্রি।
মঙ্গলবার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এদিন অঞ্চলজুড়ে সর্বোচ্চ তাপমাত্রা ৫৮ থেকে ৬৩ ডিগ্রিতে পৌঁছাতে পারে। ডেট্রয়েটে তাপমাত্রা ৬১ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে।
বুধবার তাপমাত্রা কিছুটা কমলেও তা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে। এদিন দক্ষিণ-পূর্ব মিশিগানে সর্বোচ্চ তাপমাত্রা ৫২ থেকে ৫৭ ডিগ্রির মধ্যে থাকতে পারে। ডেট্রয়েটে তা কমে প্রায় ৫৩ ডিগ্রিতে দাঁড়াতে পারে।
আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবারের শেষভাগ থেকে বৃহস্পতিবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার শীতল বায়ুপ্রবাহের প্রভাবে তাপমাত্রা আরও কমে অঞ্চলজুড়ে ৪৫ থেকে ৫০ ডিগ্রির মধ্যে থাকতে পারে। ডেট্রয়েটে সর্বোচ্চ তাপমাত্রা নেমে আসতে পারে ৪৮ ডিগ্রিতে।
সংস্থাটি আরও জানিয়েছে, তাপমাত্রা হিমাঙ্ক (৩২ ডিগ্রি ফারেনহাইট) অতিক্রম করলেও এবং শিশিরাঙ্ক ৩২ ডিগ্রির কাছাকাছি থাকলেও বৃহস্পতিবার ও শুক্রবার তুষারপাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির শেষভাগ থেকে ৩০ ডিগ্রির শুরুর দিকে থাকতে পারে। শনিবার সকাল হতে পারে সপ্তাহের সবচেয়ে শীতল সময়।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস (NWS) ও ফার্মার্স অ্যালমানাকের পূর্বাভাস অনুযায়ী, নভেম্বর মাসের কোনো এক সময় মেট্রো ডেট্রয়েট এলাকায় মৌসুমের প্রথম উল্লেখযোগ্য তুষারপাত হতে পারে। NWS-এর তথ্য অনুযায়ী, ডেট্রয়েটে সাধারণত ১৬ নভেম্বরের দিকে মৌসুমের প্রথম উল্লেখযোগ্য তুষারপাত (কমপক্ষে ০.১ ইঞ্চি) হয়ে থাকে।
ডেট্রয়েটে সবচেয়ে আগের উল্লেখযোগ্য তুষারপাতের রেকর্ড রয়েছে ২০০৬ সালের ১২ অক্টোবর। অন্যদিকে, সবচেয়ে দেরিতে মৌসুমের প্রথম উল্লেখযোগ্য তুষারপাত হয়েছিল ১৯৯৮ সালে। ওই বছর ২৯ ডিসেম্বরের আগে উল্লেখযোগ্য কোনো তুষারপাত হয়নি।
সাধারণত ৩০ নভেম্বরের মধ্যে ডেট্রয়েটে মোট তুষারপাতের পরিমাণ এক ইঞ্চিতে পৌঁছায়। ২৬ ডিসেম্বরের দিকে তা বেড়ে প্রায় তিন ইঞ্চি হয়।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com