মাঝেমধ্যে গাঁজা সেবনেও বাড়তে পারে স্ট্রোকের ঝুঁকি : গবেষণা

আপলোড সময় : ১০-১১-২০২৬ ১২:৪৭:৩৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ১২:৪৭:৩৮ পূর্বাহ্ন
ছবি : পিক্সাবে

শিকাগো : যুক্তরাষ্ট্রের প্রায় ৪ লাখ ৪৩ হাজার প্রাপ্তবয়স্কের ওপর পরিচালিত এক নতুন গবেষণায় দেখা গেছে, মাঝেমধ্যে গাঁজা সেবনের সঙ্গেও স্ট্রোকের ঝুঁকি বাড়ার সম্পর্ক থাকতে পারে।
তুলেন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের কার্ডিওথোরাসিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক আভা দিব্যার নেতৃত্বে পরিচালিত গবেষণায় দেখা গেছে, যারা মাসে ১ থেকে ৫ দিন গাঁজা সেবন করেন, তাদের স্ট্রোকের ঝুঁকি গাঁজা সেবন করেন না এমন ব্যক্তিদের তুলনায় ৪০ শতাংশ বেশি। অন্যদিকে, যারা মাসে ১৬ থেকে ৩০ দিন গাঁজা সেবন করেন, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি ২৫ শতাংশ বেশি।
গবেষণায় আরও দেখা গেছে, মাঝেমধ্যে কিংবা ঘনঘন গাঁজা সেবনকারীদের হৃদ্‌রোগ বা কার্ডিওভাসকুলার রোগে আক্রান্ত হওয়ার ইতিহাস থাকার প্রবণতাও বেশি। তবে গাঁজা সেবনের সঙ্গে হার্ট অ্যাটাকের ঝুঁকির কোনো উল্লেখযোগ্য সম্পর্ক পাওয়া যায়নি।
গবেষণার ফলাফল আগামী ৬ থেকে ৯ নভেম্বর শিকাগোতে অনুষ্ঠিতব্য ‘আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন সায়েন্টিফিক সেশনস ২০২৬’-এ উপস্থাপন করা হবে।
গবেষকদের মতে, হৃদ্‌রোগ ও স্ট্রোকের ঝুঁকি মূল্যায়নের সময় চিকিৎসকদের সঙ্গে রোগীদের গাঁজা সেবনের বিষয়টি নিয়েও খোলামেলা আলোচনা করা জরুরি।

গাঁজা সেবনের সাথে
স্ট্রোকের উচ্চ ঝুঁকির সম্পর্ক
গবেষকরা যুক্তরাষ্ট্রের ৪ লাখ ৪২ হাজার ৯০৬ জন প্রাপ্তবয়স্কের জরিপ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করেছেন। এসব তথ্য ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)-এর ‘বিহেভিয়ারাল রিস্ক ফ্যাক্টর সার্ভেইল্যান্স সিস্টেম’ (BRFSS)-এ অংশগ্রহণকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়। অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়েছিল, গত এক মাসে তাঁরা কত দিন গাঁজা সেবন করেছেন। পাশাপাশি, তাঁদের কখনো হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়েছে কি না কিংবা করোনারি হৃদ্‌রোগ শনাক্ত হয়েছে কি না, সে তথ্যও নেওয়া হয়।
যাঁরা সম্প্রতি গাঁজা সেবন করেননি, তাঁদের সঙ্গে তুলনা করে গবেষকরা কয়েকটি বিষয় লক্ষ্য করেছেন। যেমন—
যাঁরা মাসে ১ থেকে ৫ দিন গাঁজা সেবন করেছেন, তাঁদের হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার ইতিহাস থাকার সম্ভাবনা ২৩ শতাংশ বেশি।
যাঁরা মাসে ৬ থেকে ১৫ দিন গাঁজা সেবন করেছেন, তাঁদের মাঝারি মাত্রার সেবনকারী হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
যাঁরা মাসে ১৬ থেকে ৩০ দিন গাঁজা সেবন করেছেন, তাঁদের হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার ইতিহাস থাকার সম্ভাবনা ২১ শতাংশ বেশি।
সবচেয়ে উল্লেখযোগ্য সম্পর্ক পাওয়া গেছে স্ট্রোকের ক্ষেত্রে। যাঁরা মাঝেমধ্যে গাঁজা সেবন করেন, তাঁদের অতীতে স্ট্রোক হওয়ার সম্ভাবনা ৪০ শতাংশ বেশি। অন্যদিকে, যাঁরা নিয়মিত বা বেশি ঘন ঘন গাঁজা সেবন করেন, তাঁদের ক্ষেত্রে এই সম্ভাবনা ২৫ শতাংশ বেশি।
তবে গাঁজা সেবনের ঘনত্বের সঙ্গে অতীতে হার্ট অ্যাটাক হওয়ার কোনো পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য সম্পর্ক খুঁজে পাননি গবেষকরা।
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গবেষণার প্রধান আভা দিব্যা বলেন, “গাঁজা সেবন ও হৃদ্‌রোগের মধ্যকার সম্পর্কটি যে খুব একটা সরল নয়, তা দেখে আমরা অবাক হয়েছি।”
গবেষকদের ধারণা ছিল, গাঁজা সেবনের মাত্রা যত বাড়বে, হৃদ্‌রোগের ঝুঁকিও তত বাড়বে। কিন্তু গবেষণায় দেখা গেছে, মাঝেমধ্যে এবং নিয়মিত—উভয় ধরনের গাঁজা সেবনকারীদের মধ্যেই হৃদ্‌রোগের ঝুঁকি বেশি। 

গাঁজা সেবনের পদ্ধতিতে কি 
হৃদ্‌স্বাস্থ্যের ঝুঁকি বদলায়?
গবেষকরা দেখেছেন, গাঁজা সেবনের পদ্ধতি ভিন্ন হলেও হৃদ্‌রোগের ঝুঁকির সঙ্গে এর সম্পর্ক প্রায় একই রকম। অর্থাৎ, গাঁজা ধূমপানের মাধ্যমে, ভ্যাপিং করে কিংবা খাবারের সঙ্গে বা অন্য কোনো উপায়ে গ্রহণ করা হলেও ঝুঁকির ক্ষেত্রে উল্লেখযোগ্য পার্থক্য দেখা যায়নি।
যুক্তরাষ্ট্রে গাঁজা সেবনের হার বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে গবেষণার এই ফলাফল সামনে এসেছে। গবেষণাপত্রের লেখকরা পূর্ববর্তী কয়েকটি গবেষণার তথ্য উল্লেখ করে জানিয়েছেন, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রতি ছয়জন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন জানিয়েছেন, তাঁরা গত এক মাসে গাঁজা সেবন করেছেন। অথচ ২০২০ সালে এই হার ছিল প্রতি ১০ জনে একজন। অর্থাৎ, চার বছরের ব্যবধানে গাঁজা সেবনের হার বেড়েছে ৫১ শতাংশ।
ইউনিভার্সিটি অব কলোরাডোর অধ্যাপক এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের স্বেচ্ছাসেবক বিশেষজ্ঞ রবার্ট এল. পেজ দ্বিতীয় বলেন, হৃদ্‌স্বাস্থ্যের অবস্থা মূল্যায়নের সময় গাঁজা সেবনের বিষয়টিও বিবেচনায় নেওয়া উচিত। তিনি এই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন না।
তিনি আরও বলেন, হৃদ্‌রোগের ঝুঁকি নিরূপণের সময় স্বাস্থ্যসেবা পেশাজীবীদের উচিত রোগীদের সঙ্গে তামাক ব্যবহারের মতোই গাঁজা সেবনের বিষয়টি নিয়েও খোলামেলা আলোচনা করা।

গবেষণার সীমাবদ্ধতা 
ও অনিশ্চয়তা
গবেষণার ফলাফল থেকে সরাসরি প্রমাণিত হয় না যে, গাঁজা সেবনের কারণেই স্ট্রোক বা হৃদ্‌রোগের মতো শারীরিক সমস্যা দেখা দেয়।
গবেষণায় দেখা গেছে, গাঁজা সেবনকারীদের মধ্যে স্ট্রোক বা হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার ইতিহাস জানানোর হার তুলনামূলক বেশি। তবে এসব স্বাস্থ্য সমস্যার পেছনে গাঁজা সেবনই দায়ী, নাকি অন্য কোনো কারণ ভূমিকা রেখেছে, তা নিশ্চিত করতে পারেননি গবেষকরা।
এ ছাড়া, অংশগ্রহণকারীরা নিজেদের গাঁজা সেবনের অভ্যাস ও চিকিৎসাসংক্রান্ত ইতিহাস কতটা নির্ভুলভাবে মনে করে জানিয়েছেন, গবেষকদের সেই তথ্যের ওপর নির্ভর করতে হয়েছে। জরিপে গাঁজা পণ্যে থাকা টিএইচসি (THC)-এর মাত্রা কিংবা অংশগ্রহণকারীরা ঠিক কতটুকু গাঁজা সেবন করেছেন, সে সম্পর্কেও কোনো তথ্য সংগ্রহ করা হয়নি।
পাশাপাশি, এই বিশ্লেষণে কেবল সেসব অঙ্গরাজ্যের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে ঐচ্ছিক জরিপ প্রশ্নের মাধ্যমে গাঁজা সেবনের তথ্য সংগ্রহ করা হয়েছিল।
 গবেষকরা আরও উল্লেখ করেছেন যে, যারা আগে গাঁজা সেবন করতেন, হৃদরোগ ধরা পড়ার পর তারা হয়তো গাঁজা সেবন বন্ধ করে দিয়ে থাকতে পারেন।
Source : http://detroitnews.com
 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com