ডিয়ারবর্নে বিপি গ্যাস স্টেশনে গুলিতে নিহত ১ : সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ১০:৪৬:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ১০:৪৬:১৭ অপরাহ্ন
ডিয়ারবর্ন, ১৫ নভেম্বর : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডিয়ারবর্ন শহরের পশ্চিমাঞ্চলে একটি গ্যাস স্টেশনে গুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ৬৪২৫ এন. টেলিগ্রাফ রোডে অবস্থিত বিপি (BP) গ্যাস স্টেশনে গুলির ঘটনা ঘটে। এ বিষয়ে ৯১১ নম্বরে ফোন পেয়ে ডিয়ারবর্ন পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। শনিবার এক সংবাদ সম্মেলনে কর্পোরাল ড্যান বার্টক এ তথ্য জানান।
তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। তবে সন্দেহভাজন ব্যক্তি ততক্ষণে পালিয়ে যায়। সংবাদ সম্মেলনে সন্দেহভাজন ব্যক্তির পরিচয় বা শারীরিক বর্ণনা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় স্থানীয় সম্প্রদায়ের জন্য কোনো নিরাপত্তাঝুঁকি নেই। তবে হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে তদন্ত চলছে।
ডিয়ারবর্ন পুলিশ প্রধান ইসা শাহিন বিভাগের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘এই বিবেকহীন কর্মকাণ্ডে ভুক্তভোগীর স্বজনদের প্রতি আমাদের গভীর সমবেদনা। আমরা এলাকাবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি, এই সহিংস গুলির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনকে বিচারের আওতায় আনতে সাহায্য করতে পারে—এমন কোনো তথ্য থাকলে তা আমাদের জানান।’
এদিকে, রোববার বিকেলে মামলার সর্বশেষ অবস্থা ও তদন্তের অগ্রগতি জানতে কর্পোরাল বার্টকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় কোনো তথ্য জানা থাকলে ডিয়ারবর্ন পুলিশ বিভাগের সঙ্গে (313) 943-2241 নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে।
Source & Photo: http://detroitnews.com

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com