আজ মিশিগানসহ যুক্তরাষ্ট্রজুড়ে জরুরি সতর্কবার্তা পরীক্ষা 

আপলোড সময় : ১৭-১১-২০২৬ ১২:৪২:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৬ ১২:৪২:৪২ অপরাহ্ন
ডেট্রয়েট, ১৭ নভেম্বর : মিশিগানসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের বাসিন্দারা মঙ্গলবার সাময়িক অসুবিধার সম্মুখীন হতে পারেন। এদিন দুপুর ২টা ২০ মিনিটে দেশজুড়ে ফেডারেল জরুরি সতর্কবার্তা ব্যবস্থার (ইমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম) একটি পরীক্ষা চালানো হবে।
কর্মকর্তারা জানিয়েছেন, ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (FEMA) এবং ফেডারেল কমিউনিকেশনস কমিশন (FCC) যৌথভাবে এ পরীক্ষা পরিচালনা করবে। এটি প্রায় এক মিনিট স্থায়ী হবে। এ জন্য সাধারণ জনগণকে কোনো পদক্ষেপ নিতে হবে না।

পরীক্ষার ফলে 
মিশিগানে কী 
প্রভাব পড়বে?
পরীক্ষা চলাকালে যুক্তরাষ্ট্রের রেডিও ও টেলিভিশন সম্প্রচার কেন্দ্র, কেবল টিভি, স্যাটেলাইট রেডিও এবং তারভিত্তিক ভিডিও পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের নিয়মিত অনুষ্ঠান সাময়িকভাবে বন্ধ রেখে পরীক্ষামূলক বার্তা সম্প্রচার করবে। পরীক্ষা শেষ হওয়ার পরপরই স্বাভাবিক সম্প্রচার আবার শুরু হবে।
FEMA-এর প্রশাসক ক্যামেরন হ্যামিল্টন এক বিবৃতিতে বলেন, “জরুরি পরিস্থিতিতে প্রতিটি সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। FEMA-এর সতর্কবার্তা ও হুঁশিয়ারি ব্যবস্থা নিশ্চিত করে, মানুষকে নিরাপদ রাখতে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য যেন দ্রুত পৌঁছায়। এ ধরনের কার্যক্রমভিত্তিক পরীক্ষা প্রকৃত জরুরি পরিস্থিতি সৃষ্টির আগেই সম্ভাব্য সমস্যাগুলো শনাক্ত ও সমাধানে সহায়তা করে।”
জাতীয় জরুরি পরিস্থিতিতে প্রেসিডেন্ট এই ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকদের উদ্দেশে বার্তা দিতে পারেন। এ ছাড়া সরকারি সংস্থাগুলোও জরুরি প্রয়োজনীয় তথ্য জনগণের কাছে পৌঁছাতে এ ব্যবস্থা ব্যবহার করতে পারে।

কেন এই জরুরি 
সতর্কবার্তা পরীক্ষা?
আইন অনুযায়ী, FEMA-কে প্রতি তিন বছরে অন্তত একবার জাতীয় পর্যায়ে ইমার্জেন্সি অ্যালার্ট সিস্টেমের পরীক্ষা পরিচালনা করতে হয়।
এ পরীক্ষার মূল উদ্দেশ্য হলো, প্রকৃত কোনো জরুরি পরিস্থিতি দেখা দেওয়ার আগেই সতর্কবার্তা ব্যবস্থার প্রযুক্তিগত ও কার্যক্রমগত ত্রুটি শনাক্ত করা এবং সেগুলো সমাধান করা।
এ বিষয়ে বিস্তারিত জানতে ‘২০২৬ নেশনওয়াইড ইমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম টেস্ট’ (2026 Nationwide Emergency Alert System Test) ওয়েবপেজটি ভিজিট করা যেতে পারে।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com