ওহাইওতে ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠানে গোলাগুলি, অনাগত সন্তানের বাবা ও নানাসহ নিহত ৩

আপলোড সময় : ২৩-১১-২০২৬ ১২:১৫:৫০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৬ ১২:১৫:৫০ পূর্বাহ্ন
ক্লিভল্যান্ড (ওহাইও), ২৩ নভেম্বর : যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডের শহরতলিতে একটি ‘বেবি শাওয়ার’ (অনাগত সন্তানের আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান) চলাকালে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ‘ইউএসএ টুডে’, ‘ক্লিভল্যান্ড ডট কম’ ও ‘ক্লিভল্যান্ড ১৯ নিউজ’-এর বরাতে এ খবর দিয়েছে ‘দ্য ডেট্রয়েট নিউজ’।
পার্মা পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে ক্লিভল্যান্ড থেকে প্রায় ১০ মাইল দক্ষিণে পার্মা শহরের ‘প্যান্ডোরাস ম্যাজিক্যাল ইভেন্টস ভেন্যু’-তে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
তদন্তকারীরা জানিয়েছেন, গোলাগুলির ঘটনায় চারজন গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে ৪৫ বছর বয়সী এক পুরুষ, ১৭ বছর বয়সী এক কিশোরী এবং ১৯ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছেন। অপরদিকে, ৩৯ বছর বয়সী এক নারী পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাঁর আঘাত প্রাণঘাতী নয়।
‘ইউএসএ টুডে’ (USA TODAY)-এর হাতে আসা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহত ১৯ বছর বয়সী তরুণও গোলাগুলির ঘটনায় জড়িত ব্যক্তিদের একজন ছিলেন।
এ ঘটনায় জড়িত ২৯ বছর বয়সী আরেক ব্যক্তিকে আটক করে পার্মা পুলিশ ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ কিছু সময়ের জন্য আশপাশের সড়কগুলো বন্ধ রাখে। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, যা এই ঘটনায় ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পার্মা পুলিশ বিভাগের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
পুলিশ জানিয়েছে, গোলাগুলির পেছনের কারণ ও ঘটনার সার্বিক পরিস্থিতি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনো ঘটনার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্তে নতুন তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।
‘ক্লিভল্যান্ড ডট কম’ (Cleveland.com) এবং ‘ক্লিভল্যান্ড ১৯ নিউজ’-এর প্রতিবেদন অনুযায়ী, কুয়াহোগা কাউন্টি মেডিকেল এক্সামিনার অফিস নিহত ৪৫ বছর বয়সী ব্যক্তির নাম জেসন টাউনসেন্ড এবং ১৭ বছর বয়সী কিশোরীর নাম লিশিয়া ইংল্যান্ড বলে শনাক্ত করেছে।
অন্যদিকে, ‘ক্লিভল্যান্ড ১৯ নিউজ’ জানিয়েছে, নিহত ১৯ বছর বয়সী তরুণের নাম ডেভিয়নটে ডি. পেট। তিনি ক্লিভল্যান্ডের বাসিন্দা এবং যে অনাগত সন্তানের আগমন উপলক্ষে বেবি শাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেই সন্তানের বাবা ছিলেন। স্থানীয় টেলিভিশন স্টেশনটির প্রতিবেদন অনুযায়ী, নিহত জেসন টাউনসেন্ড ছিলেন ওই গর্ভবতী নারীর বাবা।
পার্মা পুলিশ বিভাগ এক বিবৃতিতে বলেছে, “এই মর্মান্তিক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবার ও স্বজনদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।” পুলিশ আরও জানায়, এলাকাবাসীকে আশ্বস্ত করা হচ্ছে যে, এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোনো ধরনের জননিরাপত্তার ঝুঁকি বর্তমানে নেই।
এদিকে, এ বিষয়ে মন্তব্য জানতে ‘ইউএসএ টুডে’ কুয়াহোগা কাউন্টি মেডিকেল এক্সামিনার অফিসের সঙ্গে যোগাযোগ করেছে।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com