মিশিগানের আকাশে উজ্জ্বল উল্কাপিণ্ড, বিস্ময়ে হতবাক মানুষ

আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৩:৩৯:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৩:৩৯:৪৫ অপরাহ্ন
বুধবার রাতে মিশিগানের আকাশে উজ্জ্বল অগ্নিগোলকসদৃশ একটি উল্কাপিণ্ড ছুটে যায়। মুহূর্তের জন্য আকাশ আলোকিত করে তোলা এই মহাজাগতিক দৃশ্য মিশিগানসহ আশপাশের কয়েকটি অঙ্গরাজ্য থেকেও দেখা যায়/Michigan Storm Chasers Via X

ডেট্রয়েট, ২৬ নভেম্বর : বুধবার রাতে মিশিগানের আকাশে দ্রুতগতিতে ছুটে যায় একটি উজ্জ্বল উল্কাপিণ্ড বা ফায়ারবল। এর তীব্র আলো এতটাই বিস্ময়কর ছিল যে, ফোর্ট ওয়েন ও ক্লিভল্যান্ডের মতো দূরবর্তী এলাকা থেকেও মানুষ এই মহাজাগতিক দৃশ্য দেখতে পান।
মহাকাশের এমন ঘটনা পর্যবেক্ষণকারী সংস্থা আমেরিকান মিটিওর সোসাইটি (American Meteor Society) তাদের ওয়েবসাইট amsmeteors.com-এ উল্কাপিণ্ডটি দেখার বিষয়ে একাধিক প্রত্যক্ষদর্শীর প্রতিবেদন পেয়েছে।
এদিকে মেট্রো ডেট্রয়েটসহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলোও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় সরব হয়ে ওঠে।
ডাউনরিভার এলাকার বাসিন্দা কার্লোস শেলটন ফেসবুকে লিখেছেন, “এটি ছিল অসাধারণ! বিশাল একটি উল্কাপিণ্ড আকাশের বুক চিরে ছুটে গেল, যার পেছনে ছিল প্রায় এক মাইল দীর্ঘ উজ্জ্বল আলোর রেখা! আমি তখন বাড়িতে ক্রিসমাসের আলোকসজ্জা লাগাচ্ছিলাম। বাতিগুলোর সংযোগও দেওয়া ছিল না, অথচ মুহূর্তেই আমার সামনের পুরো আঙিনা আলোয় ভরে ওঠে। আকাশের দিকে তাকাতেই দেখতে পেলাম সেই বিস্ময়কর দৃশ্য!”
এ সময় সিনসিনাটির ২০ বছর বয়সী জেসি থোলেন মিশিগানের মেভিলের কাছে আত্মীয়দের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এক কাজিনের সঙ্গে কুকুর নিয়ে হাঁটার সময় হঠাৎ আকাশ আলোকিত হয়ে ওঠে।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, “প্রথমে এটি নীল রঙের ছিল, তারপর ধীরে ধীরে রং বদলে যায়। মনে হচ্ছিল, যেন আকাশে আগুন জ্বলছে।”
ইন্ডিয়ানার ফোর্ট ওয়েনে ক্রিসমাস উপলক্ষে আয়োজিত একটি উন্মুক্ত অনুষ্ঠানেও উপস্থিত দর্শকেরা এই মহাজাগতিক দৃশ্য দেখার সুযোগ পান। ঘটনাটি ভিডিওতেও ধারণ করা হয়েছে।
টোলেডোর ডব্লিউটিওএল-টিভি (WTOL-TV)-এর প্রধান আবহাওয়াবিদ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডলীয় প্রশাসন (এনওএএ)-এর ‘গোস-১৯ লাইটনিং ডিটেকশন প্রোডাক্ট’ (GOES-19 Lightning Detection Product) মিশিগানের সাগিনাও উপসাগরের কাছে এই আলোর ঝলকানি শনাক্ত করেছে। উজ্জ্বল এই দৃশ্য শত শত মাইল দূর থেকেও দেখা গেছে।
সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী জোই ডিবারার্ডিনো জানান, ওহাইওর আকাশের ওপর দিয়ে ছুটে যাওয়া উল্কাপিণ্ডটি দেখার সময় তাঁর মনে হচ্ছিল, যেন তিনি একেবারে সামনের সারিতে বসে আছেন।
অন্যদিকে, উইলিয়াম পোমেরানটজ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিখেছেন, “এইমাত্র নায়াগ্রা জলপ্রপাতের ওপর দিয়ে অত্যন্ত উজ্জ্বল, কিছুটা সবুজ আভাযুক্ত একটি উল্কাপিণ্ড ছুটে যেতে দেখলাম। দৃশ্যটি ছিল সত্যিই অসাধারণ।”
‘ফায়ারবল’ বা অগ্নিগোলক হলো অত্যন্ত উজ্জ্বল এক ধরনের উল্কা, যা সাধারণত অল্প সময়ের জন্য দৃশ্যমান হলেও মুহূর্তের মধ্যে আকাশের বিশাল অংশ আলোকিত করে তোলে। গ্রহাণু বা ধূমকেতুর খণ্ড পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে প্রচণ্ড গতিতে ঘর্ষণের ফলে উত্তপ্ত ও আলোকিত হলে এ ধরনের দৃশ্যের সৃষ্টি হয়। এসব মহাজাগতিক বস্তু বায়ুমণ্ডলেই সম্পূর্ণ পুড়ে যেতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে অবশিষ্টাংশ ভূপৃষ্ঠে পৌঁছাতে পারে।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com