নির্বাচনী বিজয় উদ্‌যাপনে রোববার সংবর্ধনা পাচ্ছেন মুহিত মাহমুদ

আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০১:১৩:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০১:১৩:৪২ পূর্বাহ্ন
হ্যামট্রাম্যাক, ২৮ নভেম্বর : হ্যামট্রাম্যাকের নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদকে আগামী রোববার বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা দেওয়া হবে। তাঁর বিজয় উদ্‌যাপনের এ অনুষ্ঠানে মিশিগানের মূলধারার রাজনীতিকসহ বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিরা অংশ নেবেন।
বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন আয়োজকেরা। তাঁরা জানান, আগামী ২৯ নভেম্বর রোববার বিকেল সাড়ে ৫টায় হ্যামট্রাম্যাক সিটির গেটস অব কলম্বাস ব্যাঙ্কুয়েট হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এতে মিশিগানের নবনির্বাচিত অ্যাটর্নি জেনারেল এলি সাভিত, কংগ্রেস সদস্য, স্টেট রিপ্রেজেন্টেটিভসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
অনুষ্ঠানে মেয়র মুহিত মাহমুদ হ্যামট্রাম্যাক সিটির উন্নয়ন, নাগরিক প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য দেবেন। পরে তাঁকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা ও সম্মাননা জানানো হবে। আয়োজনের অংশ হিসেবে থাকবে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করবেন নিউইয়র্ক থেকে আগত জনপ্রিয় সংগীতশিল্পী বিন্দু কণা এবং মিশিগানের স্থানীয় শিল্পীরা।
আব্দুল বাসিতের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আয়োজক কমিটির আহ্বায়ক বকুল তালুকদার। লিখিত বক্তব্যে বলা হয়, মুহিত মাহমুদের নির্বাচনী বিজয় কেবল তাঁর ব্যক্তিগত অর্জন নয়; এর পেছনে রয়েছে হ্যামট্রাম্যাকের বাসিন্দাদের পাশাপাশি মিশিগানের বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সম্মিলিত প্রচেষ্টা ও সমর্থন। নির্বাচনী প্রচারণায় অনেকে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেছেন। কেউ প্রচারণার নেতৃত্ব দিয়েছেন, কেউ আবার স্বেচ্ছাসেবক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
নির্বাচনী প্রচারণায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করা সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আয়োজকেরা এ বিজয়কে সম্মিলিতভাবে উদ্‌যাপনের আহ্বান জানান।
উল্লেখ্য, প্রায় এক বছর ধরে চলা নির্বাচনী বিরোধ ও আইনি লড়াইয়ের পর গত ৮ নভেম্বর হ্যামট্রাম্যাকের নতুন মেয়র হিসেবে শপথ নেন মুহিত মাহমুদ। দীর্ঘ প্রতীক্ষা ও নানা আইনি প্রক্রিয়ার অবসানের পর তাঁর দায়িত্ব গ্রহণকে ঘিরে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটিতে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।
আসন্ন সংবর্ধনা অনুষ্ঠানে হ্যামট্রাম্যাকের বাসিন্দাসহ মিশিগানের বিভিন্ন শহরের বাংলাদেশি-আমেরিকান এবং অন্যান্য কমিউনিটির সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com