উইলো রান বিমানবন্দরে স্বচ্ছতার দাবি

আইসিইর বন্দি পরিবহন নিয়ে মিশিগানে বিক্ষোভ

আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০৮:০৫:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০৮:০৫:০২ অপরাহ্ন
২৭ নভেম্বর, ২০২৬, শুক্রবার। অ্যান আরবারের ইন্টারস্টেট ৯৪ (I-94) মহাসড়কের ওপর স্টোন স্কুল রোড পথচারী সেতুতে দাঁড়িয়ে আইসিইর (ICE) ফ্লাইট বৃদ্ধির প্রতিবাদ জানাচ্ছেন আন্দোলনকারী ক্রিস ওলসেন ও জিম এং (বাঁ দিক থেকে)। তাঁদের দাবি, উইলো রান বিমানবন্দর থেকে অভিবাসন বন্দি পরিবহনে পরিচালিত ফ্লাইটের বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে/Max Reinhart, The Detroit News

অ্যান আরবার, ২৭ নভেম্বর : তীব্র শীত ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে স্থানীয় বিমানবন্দর থেকে ফেডারেল অভিবাসন বন্দিদের পরিবহনে ব্যবহৃত ফ্লাইটের বিষয়ে জনসচেতনতা তৈরিতে রাস্তায় নেমেছেন একদল আন্দোলনকারী। একই সঙ্গে তাঁরা ‘ওয়েইন কাউন্টি এয়ারপোর্ট অথরিটি’ (WCAA)-এর কাছে এ ধরনের ফ্লাইট পরিচালনার বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
অ্যান আরবারের কাছে ইন্টারস্টেট ৯৪ (I-94) মহাসড়কের ওপর স্টোন স্কুল রোড ওভারপাসে ৪০ ফুট দীর্ঘ একটি ব্যানার টাঙান আন্দোলনকারীরা। এতে লেখা ছিল, ‘উইলো রান বিমানবন্দরে আইসিইর (ICE) ফ্লাইট বন্ধ করো’। মার্কিন অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (ICE)-এর মাধ্যমে বন্দিদের স্থানান্তর ও নির্বাসনের উদ্দেশ্যে পরিচালিত ফ্লাইটের বিরুদ্ধে দেশব্যাপী চলমান আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। চলতি বছর এ ধরনের ফ্লাইটের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
‘কোয়ালিশন টু শাট দ্য ক্যাম্পস’ (Coalition to Shut the Camps) সংগঠনের সদস্য ও অ্যান আরবারের ৬৩ বছর বয়সী বাসিন্দা ক্রিস ওলসেন বলেন, “আমরা ডব্লিউসিএএর কাছে আইসিইর ফ্লাইট নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি না, কারণ তা করার ক্ষমতা তাদের নেই। তবে আমরা চাই, তারা আমাদের সঙ্গে সহযোগিতা করুক এবং বিমানবন্দরের ভেতরে প্রবেশের অনুমতি দিক। অথচ পরিস্থিতি পর্যবেক্ষণের জন্যও আমাদের বিমানবন্দরের সীমানার ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।” উল্লেখ্য, সংগঠনটি আইসিইর বন্দিশালাগুলো বন্ধের দাবিতে কাজ করছে।
অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কার্যক্রম ও বন্দিশালার পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থা ‘হিউম্যান রাইটস ফার্স্ট’-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে আইসিই পরিচালিত অভিবাসন-সংক্রান্ত ফ্লাইটের সংখ্যা ছিল ৭ হাজার ৭২২টি। ২০২৫ সালে তা ৮০ শতাংশের বেশি বেড়ে দাঁড়ায় ১৩ হাজার ৯৬২টিতে। আর ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত এ সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ৬৪০টি।
জাতীয় পর্যায়ে ফ্লাইটের এই বৃদ্ধির প্রভাব পড়েছে মিশিগানের স্থানীয় বিমানবন্দরেও। বিশেষ করে ইপসিলান্টির উইলো রান বিমানবন্দরে এ ধরনের ফ্লাইটের সংখ্যা বেড়েছে। ‘হিউম্যান রাইটস ফার্স্ট’-এর তথ্যমতে, ২০২৪ সালে উইলো রান বিমানবন্দর দিয়ে আইসিইর কোনো ফ্লাইট পরিচালিত হয়নি। তবে ২০২৫ সালে এ বিমানবন্দর থেকে ৮৮টি ফ্লাইট পরিচালিত হয়। চলতি বছরের অক্টোবর পর্যন্ত সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৫টিতে।
শুক্রবার I-94 মহাসড়কের ওপরের সেতুতে সমবেত হওয়া প্রায় এক ডজন আন্দোলনকারীর একজন, অ্যান আরবারের ৭৫ বছর বয়সী বাসিন্দা জিম এং বলেন, “ইপসিলান্টিতে আইসিই অত্যন্ত সক্রিয়। আমরা মূলত সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন করার চেষ্টা করছি।” তিনি জানান, স্থানীয় বিভিন্ন সক্রিয়তাবাদী সংগঠনের সদস্যরা প্রতি শুক্রবার ওই সেতুতে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। প্রতি সপ্তাহে তাঁরা ভিন্ন ভিন্ন একটি বিষয়কে কর্মসূচির মূল প্রতিপাদ্য হিসেবে তুলে ধরেন।
ওলসেন জানান, এ সপ্তাহে তাঁদের দাবির মূল বিষয় ছিল ‘উইলো রান বিমানবন্দর’ (Willow Run Airport) এবং রোমুলাসের ‘ডেট্রয়েট মেট্রোপলিটন বিমানবন্দর’ (Detroit Metropolitan Airport) থেকে পরিচালিত আইসিইর (ICE—যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট) ফ্লাইট সম্পর্কে আরও স্বচ্ছতা নিশ্চিত করা। উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত এই দুই বিমানবন্দর থেকে আইসিইর তিনটি ফ্লাইট পরিচালিত হয়েছে। উভয় বিমানবন্দরই ওয়েইন কাউন্টি এয়ারপোর্ট অথরিটির (WCAA) পরিচালনাধীন।
আন্দোলনকারীদের দাবির বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে ‘দ্য ডেট্রয়েট নিউজ’-কে দেওয়া বক্তব্যে তারা ১৮ ফেব্রুয়ারি গৃহীত একটি প্রস্তাবনার কথা উল্লেখ করেছে। ওই প্রস্তাবনায় বলা হয়েছে, ফেডারেল অভিবাসন আইন প্রয়োগের কার্যক্রমে বিমানবন্দর কর্তৃপক্ষ কোনো ভূমিকা পালন করে না এবং কাউকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের (Deportation) ক্ষেত্রেও কোনো ধরনের সহায়তা দেয় না।
তবে ওলসেনের মতে, এ বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের আরও অনেক কিছু করার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে তিনি সিয়াটলের কাছে অবস্থিত ‘কিং কাউন্টি আন্তর্জাতিক বিমানবন্দর’-এর দীর্ঘদিনের নীতিমালার উদাহরণ তুলে ধরেন। তাঁর মতে, ওই বিমানবন্দরের নীতিমালা একটি আদর্শ মডেল হতে পারে। এর মাধ্যমে আইসিইর হাতে আটক ব্যক্তিদের স্থানান্তরসংক্রান্ত তথ্য সাধারণ মানুষের কাছে আরও স্বচ্ছভাবে তুলে ধরতে পারে বিমানবন্দর কর্তৃপক্ষ।
২০২৩ সালে জারি করা একটি নির্বাহী আদেশের আওতায় কিং কাউন্টি বিমানবন্দর আইসিইর ফ্লাইটের ক্ষেত্রে প্রদত্ত বিভিন্ন সেবা সীমিত করেছে। পাশাপাশি, এসব ফ্লাইটের কার্যক্রম একটি অনলাইন লগবুকে নথিভুক্ত করছে। বিমানবন্দরটি তাদের এয়ারফিল্ডের সরাসরি ভিডিও ফুটেজও প্রচার করে। সম্প্রতি যাত্রীসংখ্যা ও ফ্লাইটের আগাম বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থাও চালু করেছে।
ওলসেন জানান, তিনি এমন একটি জাতীয় নেটওয়ার্কের সঙ্গে যুক্ত, যারা বিভিন্ন বিমানবন্দরে আইসিইর কার্যক্রম পর্যবেক্ষণ করে। আইসিইর হাতে আটক কোনো ব্যক্তিকে উইলো রান বিমানবন্দর থেকে বিমানে করে অন্যত্র নিয়ে যাওয়ার খবর পেলেই তিনি ও তাঁর সহযোগীরা সেখানে যান। বিমানবন্দর থেকে প্রায় আধা মাইল দূরে গাড়ি পার্ক করে শক্তিশালী লেন্সযুক্ত ক্যামেরার সাহায্যে বিমান ও যাত্রীদের ছবি ধারণ করেন তাঁরা।
ওলসেন বলেন, “আমাদের লক্ষ্য হলো ছবিগুলো ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া, যাতে কেউ আটক ব্যক্তিদের চিনতে পারলে তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে পারেন। কারণ, আইসিই এজেন্টরা কাউকে বিমানে তুলে নিয়ে যাওয়ার সময় সাধারণত এ বিষয়ে কাউকে কিছু জানান না।”
রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, ফেডারেল কর্মকর্তারা প্রশাসনের বহিষ্কার কার্যক্রমের পক্ষে অবস্থান নিয়েছেন। তাঁরা জানিয়েছেন, আইসিই ভবিষ্যতেও বিভিন্ন এয়ারলাইনসের সঙ্গে চুক্তিবদ্ধ পরিষেবা প্রদানকারীদের মাধ্যমে অভিবাসন বন্দিদের স্থানান্তর ও বহিষ্কার কার্যক্রম অব্যাহত রাখবে।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (DHS) জানিয়েছে, তাদের অভিবাসন আইন প্রয়োগের কার্যক্রম সম্পূর্ণ আইনসম্মত। প্রশাসনের বহিষ্কারসংক্রান্ত নীতিগত লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com