নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

আপলোড সময় : ২৯-১১-২০২৬ ০২:৩৬:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১১-২০২৬ ০২:৩৬:১৪ অপরাহ্ন
বরগুনা, ২৯ নভেম্বর : নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে অ্যাফিডেভিটের মাধ্যমে ছেলে রাহাত মৃধাকে (২৫) ত্যাজ্য ঘোষণা করেছেন বাবা ইদ্রিস মৃধা। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী মো. রফিকুল ইসলামের মাধ্যমে নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে ছেলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন তিনি। রোববার (২৯ নভেম্বর) বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিকেলে আইনজীবী মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
রাহাত মৃধা আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বরগুনা পৌরসভার ওয়াপদা সড়ক এলাকার বাসিন্দা ইদ্রিস মৃধার ছেলে। অ্যাফিডেভিটে ইদ্রিস মৃধা উল্লেখ করেন, নিষিদ্ধ সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে তিনি ছেলের সঙ্গে পারিবারিক ও সামাজিকভাবে সব ধরনের সম্পর্ক ছিন্ন করছেন।
অ্যাফিডেভিট সূত্রে জানা যায়, ইদ্রিস মৃধার মেজো ছেলে রাহাত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এ কারণে বাবা তাকে বারবার রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত না হওয়ার পরামর্শ দেন। তবে বাবার নিষেধ উপেক্ষা করে রাহাত রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন। এমনকি এ নিয়ে বাবার সঙ্গে তার মনোমালিন্যও হয়। একপর্যায়ে ছেলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন ইদ্রিস মৃধা।
এ বিষয়ে ইদ্রিস মৃধা বলেন, ‘রাহাত আমার মেজো ছেলে। আমি রাজনীতি করি না। ছেলেকে বলেছি রাজনীতি না করতে। আমার কথা শোনেনি। ওর জন্য আমাকে অনেক হয়রানির শিকার হতে হয়েছে। ও কারও কোনো কথার তোয়াক্কা করে না। নিজের খেয়ালখুশিমতো চলে। তাই আমার বাকি জীবনের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি। তার সঙ্গে কোনো যোগাযোগ বা সম্পর্ক নেই, যা আমি অঙ্গীকারনামায় ঘোষণা করেছি। এখন থেকে আমার পরিবারের সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই।’
অন্যদিকে, বাবার সিদ্ধান্তের বিষয়ে রাহাত মৃধা বলেন, ‘শেখ হাসিনা ও আওয়ামী লীগ আমার প্রাণ। ত্যাজ্য করার পরও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে থেকে জীবন কাটাতে চাই। পরিবার থেকে বিচ্ছিন্ন হলেও এতে তার কোনো দুঃখ নেই।’

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com