ফটিকছড়িতে চোর সন্দেহে গণপিটুনিতে স্কুলছাত্র নিহত

আপলোড সময় : ২২-০৮-২০২৫ ১০:৩৯:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০৮-২০২৫ ১০:৩৯:৪৪ পূর্বাহ্ন
ফটিকছড়ি (চট্টগ্রাম), ২২ আগস্ট : চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে গণপিটুনিতে রিহান উদ্দিন মহিন (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন কিশোর। শুক্রবার (২২ আগস্ট) সকালে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চেইঙ্গর ব্রিজ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মহিন স্থানীয় কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং সাগর আলী তালুকদার বাড়ির মুহাম্মদ লোকমানের ছেলে। আহতরা হলেন— একই এলাকার রাহাত (১৬) ও মানিক (১৯)। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মহিনসহ তিনজন ব্রিজসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। তখন কিছু লোক তাদের চোর সন্দেহে ধাওয়া করে। তিন কিশোর দৌড়ে একটি নির্মাণাধীন ভবনের ছাদে আশ্রয় নেয়। সেখান থেকে তাদের টেনে নামিয়ে চেইঙ্গর ব্রিজে এনে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই মহিনের মৃত্যু হয়। গুরুতর আহত রাহাত ও মানিককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। স্থানীয়দের একাংশ ঘটনাটিকে রহস্যজনক বলে মন্তব্য করেছেন।
খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বলেন, “ভোরে কয়েকজন কিশোরকে স্থানীয় একটি গ্রুপ ধাওয়া করলে তারা পালিয়ে একটি ভবনে আশ্রয় নেয়। সেখান থেকে ধরে এনে মারধর করা হলে মহিন নামে এক কিশোর নিহত হয়।” তিনি জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য দুই যুবককে থানায় নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত শেষে জানা যাবে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com