মিশিগানের রাধাকৃষ্ণ টেম্পলে ১২ জুলাই উদয়াস্ত হরিনাম সংকীর্তন মহোৎসব

আপলোড সময় : ১০-০৭-২০২৬ ০২:৪২:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৭-২০২৬ ০২:৪২:৫৭ অপরাহ্ন
হ্যামট্রাম্যাক, ১০ জুলাই : ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তির আবেশে মুখরিত হতে যাচ্ছে মিশিগানের হ্যামট্রাম্যাক শহর। শহরের ঐতিহ্যবাহী রাধাকৃষ্ণ টেম্পলের উদ্যোগে আগামী রোববার (১২ জুলাই) প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে “উদয়াস্ত হরিনাম সংকীর্তন মহোৎসব”।
সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত চলবে এই মহতী ধর্মীয় আয়োজন। দিনব্যাপী হরিনামের অমৃতধারা, ভক্তিমূলক সংগীত ও কীর্তনের মাধ্যমে ভক্তদের মাঝে আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হবে। আয়োজকরা আশা করছেন, এই মহোৎসবে বিপুলসংখ্যক ভক্ত ও ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটবে।
মহোৎসবের অন্যতম আকর্ষণ থাকবে ১১টি কীর্তন দলের অংশগ্রহণ। পর্যায়ক্রমে বিভিন্ন সম্প্রদায়ের কীর্তনীয়া দল ভক্তদের মাঝে নামসুধা পরিবেশন করবেন। অংশগ্রহণকারী কীর্তন দলগুলো হলো- গোপালকৃষ্ণ সম্প্রদায়, শ্রীকৃষ্ণ ভক্ত সম্প্রদায়, ইসকন সম্প্রদায়, রাধাকৃষ্ণ কিশোর সম্প্রদায়, অষ্টসখী সম্প্রদায়, বাসুদেব সঙ্গ, সপ্তসুরের রাগিনী, মহিলা সম্প্রদায়, সৎসঙ্গ মিশিগান, গৌর সম্প্রদায় ও রাধাকৃষ্ণ সম্প্রদায়। কীর্তনীয়া দলগুলো রঙিন ও বাহারি পোশাকে সজ্জিত হয়ে ভক্তিময় পরিবেশে হরিনাম সংকীর্তন পরিবেশন করবেন। 
এদিকে উদয়াস্ত হরিনাম সংকীর্তন মহোৎসবের পূর্বপ্রস্তুতি হিসেবে আগামী শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে শুভ অধিবাস অনুষ্ঠান। ধর্মীয় রীতি ও আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অধিবাস সম্পন্ন হবে। শুভ অধিবাস পরিচালনা করবেন অরুণ আচার্য্য। অধিবাস অনুষ্ঠানের পূর্বে পবিত্র ভাগবত পাঠ করবেন সদানন্দ দাস।
আয়োজকরা জানিয়েছেন, প্রবাসের মাটিতে ধর্মীয় সংস্কৃতি, ঐতিহ্য ও ভক্তির চর্চাকে আরও সমৃদ্ধ করতেই এই মহোৎসবের আয়োজন করা হয়েছে। তারা সকল ভক্ত ও সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে হরিনামের সুধা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে—
এই মহামন্ত্রের ধ্বনিতে মুখরিত হবে হ্যামট্রাম্যাকের রাধাকৃষ্ণ টেম্পল প্রাঙ্গণ।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com