আজ হ্যামট্রাম্যাকের পথে জগন্নাথের রথ

আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ১২:০২:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ১২:০২:৩৩ পূর্বাহ্ন
হ্যামট্রাম্যাক, ১৮ জুলাই : আজ শনিবার হ্যামট্রাম্যাক শহরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব। প্রতিবছরের মতো এবারও বিপুল সংখ্যক ভক্ত, দর্শনার্থী ও প্রবাসী বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে বর্ণাঢ্য এই শোভাযাত্রা শহরজুড়ে উৎসবের আবহ সৃষ্টি করবে বলে আশা করছেন আয়োজকরা।
সনাতন সংঘ মিশিগান আয়োজিত এই রথযাত্রা  বিকেল ৬টায় বেলমন্ট ও গ্যালাগার পয়েন্ট থেকে শুরু হবে। সুসজ্জিত রথে অধিষ্ঠিত থাকবেন শ্রীশ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী। ভক্তরা ভক্তি, শ্রদ্ধা ও ধর্মীয় আবেগে রথের দড়ি টেনে মহাপ্রভুর আশীর্বাদ লাভের উদ্দেশ্যে শোভাযাত্রায় অংশ নেবেন।
রথযাত্রাকে ঘিরে থাকছে এক অনন্য ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশ। শোভাযাত্রায় অংশগ্রহণকারী নারীরা ঐতিহ্যবাহী লাল শাড়ি এবং পুরুষরা লাল পাঞ্জাবি পরিধান করবেন, যা পুরো শোভাযাত্রাকে আরও বর্ণিল ও আকর্ষণীয় করে তুলবে। ভক্তদের হরিনাম সংকীর্তন, খোল-করতাল ও ধর্মীয় সঙ্গীতের মধ্য দিয়ে শোভাযাত্রাটি হ্যামট্রাম্যাক শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে।
শোভাযাত্রার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে হ্যামট্রাম্যাক সিটি হলের সামনে। সেখানে ভক্তদের অংশগ্রহণে মনোজ্ঞ হরিনাম সংকীর্তন, কীর্তন, ভজন এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজন শুধু ধর্মীয় উৎসবই নয়, বরং প্রবাসে সনাতন সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির এক অনন্য মিলনমেলায় পরিণত হবে।
হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, রথযাত্রা মহাপ্রভু জগন্নাথদেবের অন্যতম শ্রেষ্ঠ উৎসব। এই দিনে ভক্তিভরে রথ টানলে পুণ্যলাভ হয় এবং জীবনের নানা বাধা-বিপত্তি দূর হয়ে সুখ, শান্তি ও কল্যাণ লাভ হয় বলে বিশ্বাস করা হয়। এ বিশ্বাসকে ধারণ করেই প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের মতো যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাকেও এবার ৫ম বারের মতো ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রথযাত্রা উদযাপিত হবে।
আয়োজক সংগঠন সনাতন সংঘ মিশিগান এই পবিত্র ধর্মীয় আয়োজনে মিশিগানের সনাতন ধর্মাবলম্বীসহ সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের সপরিবারে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছে।
এদিকে রথযাত্রাকে ঘিরে আয়োজকরা এখন ব্যস্ত সময় পার করছেন। হ্যামট্রাম্যাক রথযাত্রার ফেসবুক পেজে নিয়মিতভাবে প্রস্তুতির বিভিন্ন আপডেট, প্রসাদ প্রস্তুতি, সাজসজ্জা ও অন্যান্য আয়োজনের তথ্য তুলে ধরা হচ্ছে।
উৎসবকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটির সদস্যরা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। ভক্ত ও দর্শনার্থীদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com