ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন

আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ০১:০১:৫৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ০১:০১:৫৬ পূর্বাহ্ন
কানাডার অন্টারিও প্রদেশের উইন্ডসরে গতকাল শুক্রবার ‘গর্ডি হাউ ইন্টারন্যাশনাল ব্রিজ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে কর্মকর্তারা প্রতীকী ফিতা কাটার মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষিত সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন/Katy Kildee, The Detroit News

উইন্ডসর, ২৫ জুলাই: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। তবে কানাডার বিরুদ্ধে তাঁর বাণিজ্য যুদ্ধ ও শুল্কনীতি শুক্রবার নতুন গর্ডি হাউ ইন্টারন্যাশনাল ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে স্পষ্টভাবে প্রভাব ফেলেছে।
কানাডীয় কর্মকর্তারা ডেট্রয়েট নদীর ওপর নির্মিত দীর্ঘ প্রতীক্ষিত এই দ্বিতীয় আন্তর্জাতিক সেতুর উদ্বোধন উদযাপন করেন। সেতুটি আগামী সোমবার থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
উত্তর আমেরিকার দীর্ঘতম কেবল-স্টেড (তারের সাহায্যে ঝুলন্ত) সেতু হিসেবে পরিচিত এই অবকাঠামোকে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে দেখা হচ্ছে। তবে সম্প্রতি কানাডার কিছু পণ্যের ওপর প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত দুই দেশের সম্পর্কে নতুন করে  টানাপড়েন সৃষ্টি করেছে।
এই উত্তেজনার জেরেই কানাডীয় আয়োজকরা মিশিগান ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন কর্মকর্তার আমন্ত্রণ বাতিল করেন। এদিকে, দক্ষিণ-পশ্চিম অন্টারিওতে রৌদ্রোজ্জ্বল দিনে উদ্বোধনী অনুষ্ঠান চলাকালীন প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে আয়োজকদের তীব্র সমালোচনা করেন।
ডেট্রয়েট নদীর উভয় তীরেই সমানভাবে শ্রদ্ধেয় কানাডীয় বংশোদ্ভূত ডেট্রয়েট রেড উইংস-এর কিংবদন্তি হকি তারকা গর্ডি হাউ-এর কনিষ্ঠ পুত্র মারে হাউ বক্তব্যে মাত্র একবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করেন। টলেডোভিত্তিক এই রেডিওলজিস্ট প্রকাশ্যে ট্রাম্প এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি—যিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না—উভয়ের প্রতিই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে গর্ডি হাউ-এর আরেক ছেলে মার্ক হাউ ট্রাম্প ও কানাডার মধ্যকার চলমান উত্তেজনার সঙ্গে হকির মাঠে তাঁর বাবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাবের তুলনা করেন। তিনি বলেন, "মাঝেমধ্যে গর্ডি কনুই দিয়ে প্রতিপক্ষকে আঘাত করতেন। আজকাল খেলোয়াড়রা গ্লাভস খুলে লড়াই শুরু করে, আর সমঝোতায় না পৌঁছানো পর্যন্ত সেই লড়াই চলতেই থাকে। শেষ পর্যন্ত অবশ্য একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি হয়। আমার বিশ্বাস, এখানেও শেষ পর্যন্ত সেটাই হবে।" ডেট্রয়েটের বাসিন্দা মার্ক হাউ নিজেও ২২ বছরের সফল পেশাদার হকি ক্যারিয়ারের অধিকারী।
রাজনৈতিক টানাপোড়েন ও বাণিজ্যিক উত্তেজনার কারণে প্রায় ছয় মাস বিলম্বের পর শুক্রবার সেতুটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রায় আট বছর ধরে নির্মাণকাজ চলার পর এবং ডেট্রয়েট ও উইন্ডসরকে সংযুক্তকারী এই সেতুর প্রস্তাব প্রথম উত্থাপনের দুই দশকেরও বেশি সময় পর অবশেষে প্রকল্পটি বাস্তবে রূপ পেল।
গত সপ্তাহেও সেতুটিকে ঘিরে রাজনৈতিক নাটকীয়তা অব্যাহত ছিল। এর মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার নির্দিষ্ট কিছু পণ্যের ওপর নতুন করে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন।
বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র ‘দ্য ডেট্রয়েট নিউজ’-কে জানিয়েছে, ট্রাম্পের নতুন শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় মঙ্গলবার কানাডীয় নেতারা মিশিগানের কর্মকর্তাদের জানান যে, যুক্তরাষ্ট্র-কানাডার যৌথ উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে শুধুমাত্র কানাডীয়দের অংশগ্রহণে একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
শুক্রবার দুপুরে অনুষ্ঠিত প্রায় এক ঘণ্টার এই অনুষ্ঠানে কানাডার শীর্ষ কর্মকর্তারা, প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা এবং কিংবদন্তি হকি খেলোয়াড় গর্ডি হাউ-এর পরিবারের ৩০ জন সদস্য উপস্থিত ছিলেন। এই সেতুর নাম রাখা হয়েছে ডেট্রয়েট রেড উইংসের এই কিংবদন্তি খেলোয়াড়ের সম্মানে।
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তি ও সংবাদকর্মীদের উদ্দেশে গর্ডি হাউ-এর কনিষ্ঠ পুত্র ড. মারে হাউ বলেন, “এই সেতু কানাডা ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যকার অমূল্য বন্ধন এবং দীর্ঘদিনের বন্ধুত্বের এক অসাধারণ প্রতীক হয়ে থাকবে।”
মঞ্চে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বক্তব্য দেওয়ার সময় মারে হাউ ২০১৫ সালের একটি স্মৃতির কথা তুলে ধরেন। তিনি জানান, মৃত্যুর এক বছর আগে—৮৮ বছর বয়সে—তিনি তাঁর বাবাকে এই সেতুর নকশা ও ভবিষ্যৎ রূপ দেখিয়েছিলেন। সেই মুহূর্তটি পরিবারের জন্য অত্যন্ত আবেগঘন ছিল বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “২০১৫ সালে যখন ঘোষণা করা হয় যে সেতুটির নাম আমাদের বাবার নামে রাখা হবে, তখন আমি ‘মিস্টার হকি’-কে সেতুটির কিছু নকশা দেখিয়েছিলাম। তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম—সেতুটি দেখতে কেমন হবে এবং কোথায় এটি নির্মিত হবে। গর্ডি হাউ তাঁর স্বভাবসুলভ বিনয়ী ভঙ্গিতে শুধু মৃদু হেসে বলেছিলেন, ‘বেশ, আমার কাছে তো বিষয়টি দারুণ মনে হচ্ছে।’”
তিনি আরও বলেন, “পরিবার হিসেবে আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে, জীবনের শেষ সময়ে আমাদের বাবা ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার এমন এক অসাধারণ প্রকাশ দেখার সুযোগ পেয়েছিলেন।”
মার্ক হাউ বলেন, “এই সেতুর বিশালতা এবং তার চেয়েও বড় বিষয়—এই সম্মানের ব্যাপকতা আমাদের সত্যিই অভিভূত ও বিনম্র করেছে। আমরা অন্তরের গভীর থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।”

১৫,৮০০ কর্মীর শ্রমে নির্মিত সেতু
উইন্ডসর-ডেট্রয়েট ব্রিজ অথরিটি (WDBA)-এর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ফিতা কাটার আনুষ্ঠানিক অনুষ্ঠানের আগেই সোমবার দুপুরের দিকে গর্ডি হাউ ইন্টারন্যাশনাল ব্রিজ আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। সেতুটিতে পথচারী ও সাইকেল আরোহীদের জন্য নির্ধারিত টোলমুক্ত লেনটি আগামী ৫ আগস্ট সকাল ৮টায় চালু হওয়ার কথা রয়েছে।
অনেকের কাছে ‘দ্য গর্ডি’ নামে পরিচিত এই সেতুতে উভয় দিকে তিনটি করে সাধারণ যান চলাচলের লেন থাকবে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য একটি পৃথক লেনও রাখা হয়েছে।
WDBA বোর্ডের চেয়ারপারসন মেরি ক্যাম্পাগনা জানান, কোনো দুর্ঘটনা বা জরুরি স্বাস্থ্যসংক্রান্ত পরিস্থিতির কারণে অন্য কোনো সেতুতে যান চলাচল ব্যাহত হলেও নতুন এই সেতুতে চলাচল সচল রাখা সম্ভব হবে।
২০১৭ সাল থেকে বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করা ক্যাম্পাগনা বলেন, “কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও এখানে যানজট বা বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে না।” কর্তৃপক্ষের আশা, এই অঞ্চলে বাণিজ্যিক ও যাত্রীবাহী যানবাহনের জন্য গর্ডি হাউ ইন্টারন্যাশনাল ব্রিজে টোল হার তুলনামূলকভাবে সবচেয়ে কম থাকবে।
গর্ডি হাউ ইন্টারন্যাশনাল ব্রিজে ছয়টি মূল যান চলাচলের লেন এবং ১৬টি টোল লেন রয়েছে। পাশাপাশি কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্ত পরিদর্শনের জন্য আরও ৬০টি ইন্সপেকশন লেন রাখা হয়েছে।
উইন্ডসর-ডেট্রয়েট ব্রিজ অথরিটি (WDBA)-এর তথ্য অনুযায়ী, ২০১৮ সালের অক্টোবরে নির্মাণকাজ শুরু হওয়ার পর থেকে এই বিশাল অবকাঠামো নির্মাণে প্রায় ১৫ হাজার ৮০০ কর্মী সম্মিলিতভাবে ২ কোটি ১০ লাখ (২০.১ মিলিয়ন) কর্মঘণ্টা কাজ করেছেন।
শুক্রবার প্রকাশিত WDBA-র নথিপত্র অনুযায়ী, প্রকল্পটির মোট ব্যয় হয়েছে ৬৪০ কোটি কানাডীয় ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী, এর পরিমাণ প্রায় ৪৫৪ কোটি মার্কিন ডলার।
ব্রিজ কমপ্লেক্সকে ইন্টারস্টেট-৭৫ (I-75) মহাসড়ক এবং দক্ষিণ-পশ্চিম ডেট্রয়েটের স্থানীয় সড়কগুলোর সঙ্গে যুক্ত করতে মিশিগান ইন্টারচেঞ্জে ২৫টি পথচারী ও যানবাহন চলাচলের সেতু-কাঠামো নির্মাণ করা হয়েছে।
WDBA জানায়, প্রকল্পের আন্তর্জাতিক নির্মাণ কনসোর্টিয়াম ডেট্রয়েটের I-75 মহাসড়কের পাশে ৪ হাজার ১৫৫ ফুট দীর্ঘ শব্দ-প্রতিরোধক দেয়াল নির্মাণ করেছে এবং পরিবেশ উন্নয়নে ১৭৫টি গাছ রোপণ করেছে।
কানাডার দিকের তুলনায় যুক্তরাষ্ট্রের প্রবেশপথ বা পোর্ট অব এন্ট্রি ভবনটি আকারে বড়। কানাডা অংশের ভবনের আয়তন ১ লাখ ৩৩ হাজার ৮৮২ বর্গফুট, যেখানে যুক্তরাষ্ট্র অংশের ভবনের আয়তন ৩ লাখ ২৬ হাজার ৮৮১ বর্গফুট।
Source & Photo: http://detroitnews.com

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com