ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’

আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ১১:০৩:২২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ১১:০৩:২২ পূর্বাহ্ন
ঢাকা, ২৫ জুলাই: রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে উদ্ধার হওয়া শক্তিশালী পাইপ বোমাটি (আইইডি) সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রার পথ লক্ষ্য করেই রাখা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। শোভাযাত্রা যখন ওই এলাকা অতিক্রম করছিল, তখন পুলিশ বোমাটি ঘিরে রেখে উপস্থিত মানুষকে জানায়, সেখানে ‘শর্ট সার্কিট’ হয়েছে। পরে শোভাযাত্রা চলে যাওয়ার পর বোমা নিষ্ক্রিয়করণ দল নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সেটি ধ্বংস করে।
ঘটনার পর মতিঝিল থানায় করা বিস্ফোরক আইনের মামলার এজাহারে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। পুলিশ কর্মকর্তাদের ধারণা, উল্টো রথযাত্রাকে লক্ষ্য করেই বোমাটি স্থাপন করা হয়েছিল। তবে সময়মতো সেটি শনাক্ত হওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
মামলার বাদী মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. মুক্তা। তিনি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বিস্ফোরক আইনে মামলাটি করেন।
মামলার তথ্য অনুযায়ী, গত শুক্রবার উল্টো রথযাত্রার নিরাপত্তার দায়িত্বে ছিলেন এসআই মুক্তা। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে মতিঝিলের শাপলা চত্বর হয়ে স্বামীবাগ আশ্রমের দিকে যাচ্ছিল। সন্ধ্যা ৬টার দিকে ট্রাফিক বিভাগ থেকে ডিএমপি কন্ট্রোল রুমে খবর আসে, মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার ভেতরে রাখা বোমাসদৃশ বস্তু থেকে মিটমিট করে আলো জ্বলছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং নিরাপত্তার স্বার্থে শোভাযাত্রাটিকে বিকল্প পথ দিয়ে এগিয়ে নেয়।
পরে জনসমাগম সরে যাওয়ার পর ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দল রাত ৮টার দিকে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে আইইডিটি নিষ্ক্রিয় করে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com