দুই মামলায় চিন্ময় দাসের জামিন

আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০৯:৫২:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০১:২৬:০২ পূর্বাহ্ন
ঢাকা, ২ আগস্ট : সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী পৃথক দুই ফৌজদারি মামলায় জামিন পেয়েছেন। তবে তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন থাকায় আপাতত কারামুক্তি পাচ্ছেন না। রবিবার (২ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 
আদালত সূত্র জানায়, হত্যাচেষ্টা এবং ভাঙচুর, হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় গত বছরের ১ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করেছিলেন। ওই রুলের ওপর শুনানি শেষে গত ২৬ জুলাই রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয়। পরে রোববার আদালত রুল অ্যাবসলিউট ঘোষণা করে তাকে জামিন দেন।
চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।
রায়ের পর অপূর্ব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মোট ছয়টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলার বিচার ট্রাইব্যুনালে চলছে। রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁর জামিন স্থগিত রয়েছে।
তিনি বলেন, বাকি চার মামলার মধ্যে দুই মামলায় হাইকোর্ট জামিন দিয়েছেন। অন্য দুই মামলায় জামিনসংক্রান্ত রুলের শুনানির জন্য আগামী ১৬ আগস্ট দিন ধার্য রয়েছে। ফলে অন্যান্য মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি মুক্তি পাচ্ছেন না।
২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন। এ ঘটনায় হত্যা, হত্যাচেষ্টা, হামলা, সরকারি কাজে বাধা ও বিস্ফোরক-সংক্রান্ত অভিযোগে একাধিক মামলা হয়।
এর আগে ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়। পরে ২৫ নভেম্বর ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com