সুপ্রভাত মিশিগান সম্পাদকের শোক

ফনি ভূষণ দাশের বর্ণাঢ্য জীবনের অবসান

আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ১২:৪৯:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ১২:৪৯:০০ পূর্বাহ্ন
হবিগঞ্জ, ৪ আগস্ট : হবিগঞ্জের অত্যন্ত পরিচিত মুখ, বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা ফুটবল দলের গর্বিত সদস্য, বিশিষ্ট রোটারিয়ান ও প্রকৌশলী ফনি ভূষণ দাশ আর নেই। সোমবার রাত ৮টা ১০ মিনিটে সিলেট হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজন, অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে হবিগঞ্জসহ দেশ-বিদেশে অবস্থানরত অসংখ্য শুভানুধ্যায়ী ও প্রবাসীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ফনি ভূষণ দাশ ছিলেন একজন সজ্জন, বিনয়ী ও মানবিক ব্যক্তিত্ব। মহান মুক্তিযুদ্ধের সময় গঠিত স্বাধীন বাংলা ফুটবল দলের একজন সদস্য হিসেবে তিনি বাংলাদেশের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের অংশীদার ছিলেন। দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান এবং দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
পেশাগত জীবনে তিনি একজন দক্ষ প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি একজন নিবেদিতপ্রাণ রোটারিয়ান হিসেবে দীর্ঘদিন সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। হবিগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে তিনি অসংখ্য মানবিক উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সাবেক উপদেষ্টা, শ্রীশ্রী মহাদেব ও শ্রীশ্রী শনিদেব মন্দির পরিচালনা কমিটির আহ্বায়ক এবং স্বামী বিবেকানন্দ ইয়োগা সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্ব, সততা ও সেবামূলক কর্মকাণ্ড সমাজে ব্যাপক প্রশংসিত হয়েছে।
সদাচরণ, বিনয়, সমাজের প্রতি দায়বদ্ধতা এবং মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসার কারণে ফনি ভূষণ দাশ সকলের কাছে ছিলেন শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র। তাঁর কর্মময় জীবন, দেশপ্রেম এবং মানবসেবার আদর্শ আগামী দিনেও মানুষকে অনুপ্রাণিত করবে।

সুপ্রভাত মিশিগান সম্পাদকের শোক
হবিগঞ্জ শহরের ঘোষপাড়া এলাকার বাসিন্দা, স্বাধীন বাংলা ফুটবল দলের গর্বিত সদস্য, রোটারি ক্লাব অব হবিগঞ্জের সাবেক প্রেসিডেন্ট, বীর মুক্তিযোদ্ধা ও ইঞ্জিনিয়ার ফনি ভূষণ দাশের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সুপ্রভাত মিশিগান-এর সম্পাদক চিন্ময় আচার্য্য।
এক শোকবার্তায় তিনি বলেন, “ফনি ভূষণ দাশের প্রয়াণে হবিগঞ্জ একজন দেশপ্রেমিক, সমাজসেবক ও গুণী ব্যক্তিত্বকে হারালো। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান, সমাজসেবায় তাঁর নিষ্ঠা এবং মানুষের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা তাঁকে চিরস্মরণীয় করে রাখবে। তাঁর এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”
তিনি প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জ্ঞাপন করেছেন। একই সঙ্গে তিনি প্রার্থনা করেন, মহান সৃষ্টিকর্তা যেন শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com