পরীমনিসহ শতাধিক শিল্পী, প্রবাসী কল্যাণ মন্ত্রী প্রধান অতিথি

লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর

আপলোড সময় : ১০-০৮-২০২৬ ১২:৫৭:২৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৮-২০২৬ ১২:৫৭:২৪ পূর্বাহ্ন
লস অ্যাঞ্জেলেস, ১০ আগস্ট : আর মাত্র তিন সপ্তাহ পর শুরু হচ্ছে ৪০তম লস অ্যাঞ্জেলেস ফোবানা কনভেনশনের তিন দিনের আয়োজন। এ উপলক্ষে আয়োজকদের প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে। কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর।
৪০তম ফোবানার কনভেনর ড. জয়নাল আবেদীন জানান, কনভেনশনের প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে। যারা এখনো প্যাকেজ সংগ্রহ বা নিশ্চিত করেননি, তাদের দ্রুত প্যাকেজ কনফার্ম করার আহ্বান জানান তিনি। স্থানীয় পর্যায়ে ফোবানার সফল আয়োজন নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন বলেও জানান কনভেনর। তিনি বলেন, কনভেনশনের শেষ মুহূর্তের প্রস্তুতি ও সাজসজ্জার কাজ চলছে। বিভিন্ন সংগঠন ইতোমধ্যে আয়োজনে সহযোগিতার জন্য এগিয়ে এসেছে।
হোস্ট কমিটির মেম্বার সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল জানান, হোস্ট কমিটির প্রস্তুতিও এগিয়ে চলছে। একটি মানসম্মত ও সফল ফোবানা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
কালচারাল চেয়ারম্যান শিল্পী শহিদ আহমদ মিঠু জানান, সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। তিন দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানসূচি চূড়ান্ত করা হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক অংশগ্রহণই কনভেনশনকে সফল করে তুলবে বলে আশা প্রকাশ করেন তিনি।
হোস্ট কমিটির সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী জানান, ৪০তম ফোবানা কনভেনশনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। তিনি বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী কনভেনশনে উপস্থিত থাকবেন।
হোস্ট কমিটির ডেপুটি কনভেনর হাবিবুর রহমান টিয়া বলেন, লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশি কমিউনিটি ঐক্যবদ্ধভাবে ফোবানার আয়োজনকে সফল করতে কাজ করছে। কমিউনিটির সর্বস্তরের মানুষের অংশগ্রহণ থাকায় ৪০তম ফোবানা সফলতার দ্বারপ্রান্তে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর হলিউডখ্যাত লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর। মিডিয়া কমিটির চেয়ারম্যান সাংবাদিক আল আমিন লস্কর জানান, কনভেনশনের সুভেনির প্রকাশের কাজ চলছে। ব্যবসা প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের জন্য এখনো বিজনেস প্রমোশনের সুযোগ রয়েছে। পাবলিসিটি ও মিডিয়া কমিটির সদস্যরা কনভেনশনের প্রচার-প্রচারণায় কাজ করছেন বলেও জানান তিনি।
এবারের ফোবানায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি ছাড়াও বিশ্বকাপের শিল্পী সবজয়সহ উত্তর আমেরিকার প্রায় ১০০ জন জনপ্রিয় শিল্পী অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
তিন দিনের এ সম্মেলনে দেশি-বিদেশি তারকা শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি বিভিন্ন বিষয়ভিত্তিক সেমিনার, নেটওয়ার্কিং, স্বাস্থ্যসেবা, নারী উদ্যোক্তা কর্মশালা, বইমেলা, কাব্যজলসা, সাহিত্য ও কবিতা আসর, ইয়ুথ ও যুব ফোরাম, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও সংস্কৃতিবিষয়ক আলোচনা, ট্যালেন্ট ও ফ্যাশন শো এবং শিক্ষার্থীদের জন্য ফোবানা স্কলারশিপসহ নানা আয়োজন থাকছে।
ফোবানার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সংগঠনের ভেটেরান সদস্য ও পেনসিলভেনিয়ার কমিউনিটি লিডার রবিউল করিম বেলাল। এক্সিকিউটিভ সেক্রেটারির দায়িত্বে রয়েছেন খালেদ আহমদ রউফ।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com