‘স্মৃতির পথে ৪৮ বছর’-এর মোড়ক উন্মোচন

আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা

আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০১:৪৮:৫৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০১:৪৮:৫৯ পূর্বাহ্ন
ওয়ারেন, ২২ আগস্ট : বাংলা বই, সাহিত্য ও সংস্কৃতির বর্ণিল আয়োজন নিয়ে আজ শনিবার পর্দা উঠছে বহুল প্রতীক্ষিত মিশিগান বইমেলার। মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের আয়োজনে দুই দিনব্যাপী এ বইমেলা নগরীর ১১৭০১ ই. টুয়েলভ মাইল রোডের আনন্দ মঞ্চে শুরু হবে সকাল ১১টায়। আনুষ্ঠানিক উদ্বোধন হবে দুপুর ১টায়।
বইমেলাকে ঘিরে ইতোমধ্যে মিশিগানের বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী প্রকাশনীর মধ্যে রয়েছে প্রথমা, বাতিঘর, বর্ণমালা মিশিগান, অভ্র প্রকাশন, সাহিত্য পরিষদ, বুনন প্রকাশনসহ আরও অনেকে।
মেলায় সাহিত্যপ্রেমীদের জন্য থাকছে নতুন ও জনপ্রিয় লেখকদের বইয়ের সমাহার। পাশাপাশি থাকবে বিশেষ ছাড়, লেখকদের বইয়ে স্বাক্ষর প্রদান এবং পাঠকের সঙ্গে লেখকদের সরাসরি আড্ডার সুযোগ। ফলে প্রবাসের মাটিতে থেকেও বাংলা বইমেলার আবহ ও প্রাণের স্পন্দন অনুভব করার সুযোগ পাবেন মিশিগানের বাংলা ভাষাভাষী মানুষ।
মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। উদ্বোধনী দিনের সকাল থেকেই শিশু-কিশোরদের পদচারণায় মুখর হয়ে উঠবে আনন্দ মঞ্চ। থাকবে গণিত অলিম্পিয়াড, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, বইয়ের মোড়ক উন্মোচন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ‘অক্ষর থেকে অঙ্গনে’।

‘স্মৃতির পথে ৪৮ বছর’-এর 
মোড়ক উন্মোচন
মিশিগান বইমেলার বর্ণিল আয়োজনে যোগ হচ্ছে আরও একটি বিশেষ সাহিত্যিক মুহূর্ত। বইমেলা উপলক্ষে অভ্র প্রকাশন থেকে প্রকাশিত সাংবাদিক চিন্ময় আচার্যের গদ্যগ্রন্থ ‘স্মৃতির পথে ৪৮ বছর’-এর মোড়ক উন্মোচন করা হবে আজ সন্ধ্যা ৭টায়। আনন্দ মঞ্চে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে গ্রন্থটির মোড়ক উন্মোচন করবেন বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক ডা. দেবাশীষ মৃধা।
‘স্মৃতির পথে ৪৮ বছর’ গ্রন্থে লেখকের দীর্ঘ পথচলা, স্মৃতির নানা অধ্যায়, সময়ের পরিবর্তন, মানুষ ও সমাজকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা এবং ব্যক্তিজীবনের নানা উপলব্ধি উঠে এসেছে। সাংবাদিকতার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে লেখা এসব গদ্য পাঠককে একই সঙ্গে অতীতের কাছে নিয়ে যাবে এবং বর্তমানকে নতুন করে ভাবার সুযোগ করে দেবে।
একজন সাংবাদিকের চোখে দেখা সময় ও সমাজের নানা অনুষঙ্গ স্মৃতির সঙ্গে মিশে এ গ্রন্থে তৈরি করেছে ভিন্নধর্মী এক আখ্যান। ব্যক্তিগত স্মৃতি থেকে বৃহত্তর সামাজিক বাস্তবতা লেখকের বয়ানে তারই প্রতিফলন ঘটেছে।
প্রবাসের মাটিতে আয়োজিত মিশিগান বইমেলায় একজন বাংলাদেশি সাংবাদিকের নতুন গ্রন্থের প্রকাশনা ও মোড়ক উন্মোচন বাংলা সাহিত্যচর্চার জন্য একটি আনন্দের ঘটনা। বিশেষ করে নতুন প্রজন্মের প্রবাসী পাঠকদের কাছে এমন গ্রন্থ অতীতের সঙ্গে বর্তমানের একটি সেতুবন্ধন তৈরি করতে পারে।

দ্বিতীয় দিনেও থাকছে 
বৈচিত্র্যময় আয়োজন
রবিবার বইমেলার দ্বিতীয় দিন সাজানো হয়েছে আরও বৈচিত্র্যময় নানা অনুষ্ঠানে। দুপুর ২টায় মানবী মৃধার পরিচালনায় অনুষ্ঠিত হবে ‘ছন্দে ছড়ার অভিনয়’। বিকেল ৩টায় হারান কান্তি সেনের পরিচালনায় মঞ্চস্থ হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দম’।
বিকেল ৪টায় সঞ্জয় দেবের পরিচালনায় বসবে বহুল প্রতীক্ষিত ‘কবি ও কবিতার আসর’। কবিতা, আবৃত্তি ও সাহিত্যচর্চার এ আয়োজন ঘিরে কবি-সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীদের মিলনমেলা বসবে।
সবশেষে সন্ধ্যা ৬টায় কো-অর্ডিনেটর অন্তরা অন্তির পরিচালনায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মঞ্চে বাংলার রূপ’। এর মধ্য দিয়ে শেষ হবে দুই দিনব্যাপী মিশিগান বইমেলার বর্ণিল অনুষ্ঠানমালা।
আয়োজকদের প্রত্যাশা, বইমেলাটি শুধু বই কেনাবেচার আয়োজন হয়ে থাকবে না; বরং প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে আরও সমৃদ্ধ করবে এবং নতুন প্রজন্মের সঙ্গে বাংলা বই ও সংস্কৃতির সেতুবন্ধন আরও দৃঢ় করবে।
মিশিগানের মাটিতে বাংলা বই, সাহিত্য ও সংস্কৃতির এই মিলনমেলা তাই হয়ে উঠতে পারে প্রবাসী বাঙালির জন্য এক টুকরো বাংলাদেশ। যেখানে বইয়ের পাতায়, কবিতার ছন্দে আর সাংস্কৃতিক পরিবেশনায় খুঁজে পাওয়া যাবে শেকড়ের টান।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com