ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প

আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ০১:৩৮:৩২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ০১:৩৮:৩২ পূর্বাহ্ন
ট্রয়, ২৮ আগস্ট : ‘কোরওয়েল হেলথ বিউমন্ট ট্রয় হসপিটাল’-এ ৪৪০ মিলিয়ন ডলার ব্যয়ে আটতলা একটি নতুন টাওয়ার নির্মাণের কাজ আগামী গ্রীষ্মে শুরু হতে যাচ্ছে। নতুন এই টাওয়ারে থাকবে আরও বেশি সংখ্যক ব্যক্তিগত কক্ষ (প্রাইভেট রুম) এবং জরুরি বিভাগের জন্য একটি নতুন অপেক্ষাকক্ষ (ওয়েটিং রুম)।
ট্রয়ের ডেকুইন্ডার রোডে অবস্থিত হাসপাতালটিতে নতুন টাওয়ার ও একটি নতুন পার্কিং কাঠামোসহ মোট ৪ লাখ ২৩ হাজার বর্গফুট জায়গাজুড়ে নির্মাণকাজ হবে। ২৭ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোরওয়েল হেলথ জানিয়েছে, নতুন টাওয়ারটিতে ১৮০টি ব্যক্তিগত কক্ষ থাকবে।
স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, হাসপাতালটিতে কোরওয়েল হেলথের অন্যতম ব্যস্ত জরুরি বিভাগ রয়েছে। সেখানে প্রতি বছর ১ লাখ ৬ হাজারের বেশি রোগী চিকিৎসাসেবা নিতে আসেন।
প্রকল্পটির নির্মাণকাজ ২০২৭ সালের গ্রীষ্মে শুরু হয়ে ২০৩০ সালে শেষ হবে বলে আশা করা হচ্ছে।
হাসপাতালের প্রেসিডেন্ট ন্যান্সি সুসিক জানিয়েছেন, নতুন এই প্রকল্প বাস্তবায়িত হলে হাসপাতালের শয্যাসংখ্যা ৫৪৬ থেকে বেড়ে ৬৫৪টিতে উন্নীত হবে। পাশাপাশি, পুরোনো ভবনের কিছু কক্ষকে ব্যক্তিগত কক্ষে (প্রাইভেট রুম) রূপান্তরের পরিকল্পনাও করছে কোরওয়েল।
কোরওয়েলের তথ্য অনুযায়ী, ‘কোরওয়েল হেলথ বিউমন্ট ট্রয় হসপিটাল’-এর শয্যা সক্ষমতার ৯০ শতাংশের বেশি সবসময়ই ব্যবহৃত হয়।
হাসপাতালের চিফ নার্সিং অফিসার ব্র্যাড লুকাস বলেন, “যখন হাসপাতালের ৯০ শতাংশ শয্যা পূর্ণ থাকে, তখন প্রায়ই জরুরি বিভাগে রোগীর জট তৈরি হয়। কারণ, হাসপাতালের শয্যা খালি না হওয়া পর্যন্ত রোগীদের জরুরি বিভাগেই অপেক্ষা করতে হয়। এতে জরুরি বিভাগে রোগীদের অপেক্ষার সময়ও বেড়ে যায়।”
সুসিক জানান, অতিরিক্ত শয্যার প্রয়োজনীয়তার অন্যতম কারণ হলো ট্রয় ও আশপাশের এলাকার জনসংখ্যা বৃদ্ধি।
নতুন এই প্রকল্পের ফলে হাসপাতালে ব্যক্তিগত কক্ষের সংখ্যাও বাড়বে। সুসিক গত বছর জানিয়েছিলেন যে, রোগীদের মধ্যে ব্যক্তিগত কক্ষের চাহিদা রয়েছে। তিনি বলেন, “হাসপাতালে চিকিৎসা নিতে এসে রোগীরা অন্য রোগীর সঙ্গে একই কক্ষে থাকার পরিবর্তে নিজস্ব ব্যক্তিগত কক্ষে থাকতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।”
কোরওয়েল হেলথ জানিয়েছে, নতুন স্থাপনায় পার্কিং ডেক থেকে সরাসরি জরুরি বিভাগে যাওয়ার ব্যবস্থা থাকবে। এর ফলে রোগী ও তাদের পরিবারের সদস্যদের হাসপাতাল চত্বরে যাতায়াত ও চলাচল আরও সহজ হবে।
প্রায় ৪৪০ মিলিয়ন ডলারের এই প্রকল্পের আওতায় একটি নতুন পার্কিং ডেকও নির্মাণ করা হবে।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com